শিরোনাম

ঢাকা, ১৯ জুন ২০২৬ (বাসস) : গত বুধবার বিশ্বকাপ ফুটবলে ‘কে’ গ্রুপে মুখোমুখি হয়েছিল উজবেকিস্তান ও কলম্বিয়া। ম্যাচে কলম্বিয়ার লুইস দিয়াসের কাছ থেকে বল দখল করতে গিয়ে মাঠের বাইরে থাকা ক্যামেরাম্যানের সাথে ধাক্কা লাগে উজবেক ডিফেন্ডার আব্দুকোদির কুসানভের।
কুসানভের ধাক্কায় পায়ে ব্যথা পান ক্যামেরাম্যান। এরপর মাঠেই চিকিৎসা দেওয়া হয় ক্যামেরাম্যানকে। পরে হাসপাতালে নেওয়া হয় তাকে। এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ক্যামেরাম্যান।
পরে, আহত ক্যামেরাম্যানকে উজবেকিস্তানের প্রতিনিধি মাধ্যমে উপহার ও শুভকামনার বার্তা পাঠান কুসানভ। ক্যামেরাম্যানকে নিজের স্বাক্ষরিত জার্সি উপহার দিয়েছেন কুসানভ। উজবেকিস্তান ফুটবল অ্যাসোসিয়েশনের (ইউএফএ) পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
কুসানভের দেওয়া জার্সিতে ক্যামেরাম্যানকে উদ্দেশ করে ছোট করে লেখা ‘আমি দুঃখিত।’
আনুষ্ঠানিক বিবৃতিতে ইউএফএ জানিয়েছে, ‘কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে একজন ব্রডকাস্টার ক্যামেরাম্যানের সাথে আকস্মিক সংঘর্ষ হয়েছে আমাদের সেন্টার-ব্যাক কুসানভের। এতে আহত হন ক্যামেরাম্যান। দ্রুত সুস্থতার পাশাপাশি তার কাজে তাড়াতাড়ি ফিরে আসার জন্য আন্তরিক ও গভীর শুভেচ্ছা জানিয়েছেন কুসানভ।’
দিয়াসের সাথে বল দখলের ঐ ঘটনায় হলুদ কার্ডও দেখেন ২২ বছর বয়সি কুসানভ। ম্যাচে কলম্বিয়ার কাছে ৩-১ গোলে হেরে যায় এশিয়ার দেশ উজবেকিস্তান।