শিরোনাম

ঢাকা, ১৯ জুন ২০২৬ (বাসস) : সুপার সাব ইয়োহান মানজাম্বি ও রুবেন ভারগাসের গোলে ১০ জনের বসনিয়া-হার্জেগোভিনাকে গ্রুপ-বি’র দ্বিতীয় ম্যাচে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সুইজারল্যান্ড।
এই জয়ে গ্রুপ পর্ব থেকে শীর্ষ দুই দল হিসেবে নক আউট পর্বে যাবার সম্ভাবনা জোড়ালো করেছে সুইসরা।
লস এ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে ম্যাচের প্রায় বেশীরভাগ সময়ই আধিপত্য দেখিয়েছে সুইজারল্যান্ড। কোচ মুরাত ইয়াকিন ৭২ মিনিটে দুই ফরোয়ার্ডকে নামিয়ে ম্যাচের চেহারা পুরোপুরি পাল্টে দেন। ভারগাসের ক্রস থেকে মানজাম্বির ভলিতে দুই মিনিটের মধ্যে এগিয়ে যায় সুইসরা। এরপর মানজাম্বির এ্যাসিস্টে ভারগাস ব্যবধান দ্বিগুন করেন। এই দুই গোলের মাঝে বসনিয়ার তারিক মুহারেমোভিচ ব্রিল এম্বোলোকে বাজেভাবে ট্যাকেলের কারনে লাল কার্ড দেখে মাঠ ত্যাগে বাধ্য হন।
৯০ মিনিটে ভারসগাসের আরো এক এ্যাসিস্টে ফ্রেইবার্গের ২০ বছর বয়সী ফরোয়ার্ড মানজাম্বি আরও এক গোল করলে বসনিয়ার সব লড়াই কার্যত শেষ হয়ে যায়। যোগ হওয়া সময়ের ৩ মিনিটে কর্ণার থেকে দুর্দান্ত এক গোলে আরমিন মামহিচ বসনিয়ার ব্যবধান কমান। শেষ মুহূর্তে গ্রানিত জাকার পেনাল্টির গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।
বিশ^কাপে এনিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে বসনিয়া। যে কারনে স্টেডিয়াম জুড়ে উচ্ছসিত দর্শকদের উল্লাসটা ছিল একটু বেশী।
ম্যাচের শুরু থেকে সুইসরাই আধিপত্য দেখিয়েছে। অভিজ্ঞ মিডফিল্ডার জাকা ও রেমো ফ্রুইলার একের পর এক আক্রমনের নেতৃত্ব দিয়েছেন। বামদিক থেকে প্রথম আক্রমনে ড্যান এনডোয়ে ফিনিশ করতে ব্যর্থ হন। কিছুটা ধীর গতিতে শুরু করলেও বসনিয়া ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রন নিতে চেষ্টা করে। ৪০ বছর বয়সী এডিন জেকো ৩২ মিনিটে প্রথম বড় সুযোগটি পান। তার বাড়ানো দারুন এক চতুর পাসে বক্সের মধ্যে বেঞ্জামিন টাহিরোভিচ পা ছোঁয়াতে ব্যর্থ হন।
বিরতির পরপর জাকার ক্রস থেকে এনডোয়ের বাইসাইকেল কিক বসনিয়ান গোলরক্ষক নিকোলা ভাসিল ক্রসবারের উপর দিয়ে কোনমতে বাইরে পাঠান।
৭২ মিনিটে তিনটি এবং দুই মিনিট পর আরও দুটি পরিবর্তণ করেন সুইস কোচ ইয়াকিন। এর মধ্যে দুইজন ছিলেন ম্যাচ জয়ের মূল কারিগর।