বাসস
  ১৭ জুন ২০২৬, ১৪:১৯
আপডেট : ১৭ জুন ২০২৬, ১৪:২১

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ জুন ২০২৬ (বাসস) : চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। 

লিটন দাসের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাওহিদ হৃদয়। এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন হৃদয়। 

একাদশে সুযোগ পেয়েছেন লিটনের জায়গায় হঠাৎ দলে ডাক পাওয়া সৌম্য সরকার। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে আব্দুল গাফফার সাকলাইনের। দেশের ৯৩তম টি-টোয়েন্টি ক্রিকেটার তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে নিখিল চৌধুরি ও জোয়েল ডেভিসের। 

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এরমধ্যে বাংলাদেশ জিতেছে চারবার। অস্ট্রেলিয়ার জয় সাতবার। 

বাংলাদেশ একাদশ : তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, শামীম হোসেন, মাহেদি হাসান, আব্দুল গাফফার সাকলাইন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ : মিচেল মার্শ (অধিনায়ক), জশ ইংলিস, কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, জাভিয়ের বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জ্যাম্পা ও স্পেন্সার জনসন।