বাসস
  ১৬ জুন ২০২৬, ২০:৩৮

র‌্যাংকিংয়ে ৩৬ ধাপ উন্নতি জুয়াইরিয়ার

ঢাকা, ১৬ জুন ২০২৬ (বাসস) : আইসিসি নারী টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটারদের তাািলকায় ৩৬ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌসের। এছাড়াও সাত ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের আরেক ব্যাটার শারমিন আক্তারের। 

আজ নারী ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশ্বকাপে গত রোববার বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটে জয়ের ম্যাচে মাত্র ৩২ বলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির দেখা পান জুয়াইরিয়া। শে পর্যন্ত ৩৩ বল খেলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫০ রান করেন এই ডান-হাতি ব্যাটার। এছাড়া ঐ ম্যাচে শারমিন আক্তার ৩৭ ও দিলারা আক্তার ২৬ রান করেন। 

৩৬ ধাপ এগিয়ে নামিবিয়ার ইয়াসমিন খানের সাথে যৌথভাবে ৯৭তম স্থানে আছেন জুয়াইরিয়া। তাদের রেটিং পয়েন্ট সমান ২৯৫। 

সাত ধাপ এগিয়ে ৪১তম স্থানে উঠেছেন শারমিন। তার রেটিং ৪৯৬। 

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম বলে আউট হওয়ায় পাঁচ ধাপ অবনতি হয়েছে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার। ২৩তম স্থানে আছেন তিনি। যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে র‌্যাংকিংয়ে সর্বোচ্চ অবস্থান।

এদিকে নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কারকে হটিয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস।