বাসস
  ১৬ জুন ২০২৬, ১৯:১৩

বিশ্বকাপে শেষ ধাপ পেরোতে প্রস্তুত ইংল্যান্ড

ঢাকা, ১৬ জুন ২০২৬ (বাসস) : একের পর এক বড় টুর্নামেন্টে হতাশাজনক ব্যর্থতার পর এবার বিশ্বকাপ জয়ের জন্য ইংল্যান্ডের রয়েছে প্রয়োজনীয় প্রতিভা, আবেগ ও আত্মবিশ্বাস, এমনটাই বিশ্বাস করেন দলের অন্যতম তারকা বুকায়ো সাকা।

আর্সেনালের এই উইঙ্গার ছিলেন গ্যারেথ সাউথগেটের সেই দলের সদস্য, যারা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে দুইবার ফাইনালে উঠে শেষ বাধায় হোঁচট খেয়েছিল এবং ২০২২ সালে কাতার বিশ্বকাপে কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল।

এর আগে চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে ইংল্যান্ড সেমিফাইনালেও উঠেছিল।

সোমবার কানসাস সিটিতে ইংল্যান্ড দলের অনুশীলন শিবিরে সাকাকে সাংবাদিকরা প্রশ্ন করেন ক্রোয়েশিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগে সাম্প্রতিক টুর্নামেন্টগুলো থেকে দল কী শিক্ষা নিতে পারে। ৪৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ২৪ বছর বয়সী সাকা বলেন, “আমার মনে হয় প্রতিটি টুর্নামেন্ট থেকে আমরা ভিন্ন ভিন্ন শিক্ষা পেয়েছি, বিশেষ করে দুটি ফাইনালে পৌঁছানোর অভিজ্ঞতা থেকে।”

তিনি আরও বলেন, “মূল বিষয়টি হলো বিশ্বাস। আমি যখন দলের দিকে তাকাই, তখন আমাদের প্রতিভা, আবেগ এবং আত্মবিশ্বাস দেখতে পাই। আমাদের দলে সত্যিকারের বিজয়ী মানসিকতার খেলোয়াড় এবং প্রকৃত নেতারা আছেন। আমি মনে করি, যদি আমরা নিজেদের ওপর বিশ্বাস রাখি, তাহলে আমরা পরবর্তী ধাপে যেতে পারব।”

সাকা যোগ করেন, “আমি খুবই উচ্ছ্বসিত। আমার মনে হয় সব খেলোয়াড়ই ভালো মানসিক অবস্থায় আছে। 

দলের পরিবেশও দারুণ। আমরা শুধু প্রথম ম্যাচটি শুরু হওয়ার অপেক্ষায় আছি এবং আমাদের বিশ্বকাপ অভিযান শুরু করতে মুখিয়ে রয়েছি।”

সাকা বলেন, আর্সেনালের প্রিমিয়ার লিগ শিরোপা জয় তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, “আমার এবং আর্সেনালের অন্য ছেলেদের জন্য এই সাফল্য আমাদের এমন এক আত্মবিশ্বাস ও স্বাধীনতা দিয়েছে যা নিয়ে আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি। আমি মনে করি, এটি অবশ্যই আমাদের আরও উন্নত করবে।”

ইংল্যান্ডের কোচ থমাস টাচেল গত সপ্তাহে বলেছিলেন, মৌসুমের শেষ দিকে অ্যাকিলিসের চোটে ভোগার কারণে সাকার শারীরিক সক্ষমতা সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করতে হবে। তবে মৌসুমের শেষভাগে মাঠে ফেরা এই ফরোয়ার্ড বুধবার টেক্সাসের আর্লিংটনে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে ঘোষণা দিয়েছেন যে তিনি খেলার জন্য সম্পূর্ণ প্রস্তুত।