শিরোনাম

ঢাকা, ১৬ জুন ২০২৬ (বাসস) : সুইডেনের কাছে বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫-১ গোলে বিধ্বস্ত হবার পর কোচ সাবরি লামুচিকে বরখাস্ত করেছে তিউনিশিয়া। তার পরিবর্তে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ফরাশি কোচ হার্ভে রেনার্ডকে। দেশটির ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে।
প্রথম কোচ হিসেবে বিশ্বকাপের ইতিহাসে মাত্র এক ম্যাচ পরেই ছাঁটাই হলেন লামুচি।
২০২২ কাতার বিশ্বকাপে রেনার্ড সৌদি আরবের কোচের দায়িত্বে ছিলেন। তার অধীনে প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে সৌদি আরব বিশ্বকাপে অন্যতম বড় অঘটনের জন্ম দিয়েছিল। কাতার বিশ্বকাপে পর রেনার্ড ফ্রান্স নারী জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পান।
তিউনিশিয়ার জাতীয় টেলিভিশনে এ সম্পর্কে বলা হয়েছে, ‘তিউনিশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি মোয়েজ নাসারি ঘোষনা দিয়েছন ২০২৬ বিশ্বকাপের শেষ পর্যন্ত ফরাশি কোচ হার্ভে রেনার্ডের সাথে জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহনের চুক্তি সম্পাদিত হয়েছে।’
৫৪ বছর বয়সী লামুচি জানুয়ারি থেকে তিউনিশিয়ার দায়িত্বে ছিলেন। ফ্রান্সের সাবেক এই খেলোয়াড়ের অধীনে পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে তিউনিশিয়া। হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় ছিল লামুচির একমাত্র সাফল্য।
গত রোববার সুইডেনের কাছে প্রথম ম্যাচেই বড় পরাজয়ে তিউনিশিয়ার নক আউট পর্বে যাওয়া অনেকটাই কঠিন হয়ে পড়েছে। আগামী শনিবার গ্রুপ-এফ’র পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ জাপান। এরপর শেষ ম্যাচে তিউনিশিয়া নেদারল্যান্ডসের মোকাবেলা করবে।