শিরোনাম

ঢাকা, ১৬ জুন ২০২৬ (বাসস) : আগামীকাল থেকে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর একদিন আগে বাংলাদেশ দলে যুক্ত করা হয়েছে ব্যাটার সৌম্য সরকারকে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ব্যাট করার সময় পায়ে চোট পান লিটন। পরবর্তীতে আর ফিল্ডিংয়ে নামেননি তিনি। লিটনকে নিয়ে কিছুটা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি সিরিজের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সৌম্যকে।
বাংলাদেশের জার্সিতে সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৩ বছর বয়সী সৌম্য। ২০১৫ সালে এপ্রিলে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে অভিষেকের পর বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ৫টি হাফ-সেঞ্চুরিতে ১,৪৬২ রান করেছেন সৌম্য।
টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ হবে যথাক্রমে- ১৯ ও ২১ জুন। সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল : লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন ও সৌম্য সরকার।