শিরোনাম

ঢাকা, ১৬ জুন ২০২৬ (বাসস) : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ক্রীড়াবিজ্ঞান বিভাগের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হয়েছে ‘স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন, রিহ্যাবিলিটেশন ও বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস)’ শীর্ষক তিন দিনব্যাপী একটি বিশেষায়িত সেমিনার ও কর্মশালা। আজ বিকেএসপি অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে নিজের খেলোয়াড়ী জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, আধুনিক খেলাধুলায় খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতে এবং ইনজুরি কাটিয়ে উঠতে এ ধরণের কর্মশালার আয়োজন অত্যন্ত জরুরী ও সময়োপযগী।
তিনি বলেন, আমরা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে স্পোর্টস সায়েন্স এবং স্পোর্টস মেডিসিন নিয়ে কাজ শুরু করেছি। ইতিহাসে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের জন্য বাজেটে বিশেষ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। যা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কারণে সম্ভব হয়েছে। খেলাধুলার মাধ্যমে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে সমাজের আমূল পরিবর্তন ঘটানো সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উপস্থিত ক্রীড়াবিদ ও ট্রেইনিদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরও বলেন, আপনাদের অবশ্যই প্রশিক্ষকদের কথা মেনে চলতে হবে এবং কঠোর শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিজেদের করণীয় ও লক্ষ্য সম্পর্কে নিজেরা সচেতন না হলে খেলায় কাঙ্খিত সাফল্য আসবে না। একই সাথে তিনি এই কর্মশালা থেকে প্রাপ্ত জীবনরক্ষাকারী জ্ঞান শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
তিন দিনব্যাপী এই সেমিনারের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছে অংশগ্রহণকারীদের জন্য ‘বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস)’ -এর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ। মাঠের ভেতর বা বাইরে যেকোনো জরুরি পরিস্থিতিতে জীবনরক্ষাকারী প্রাথমিক চিকিৎসা, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর), অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (এইডি) ব্যবহার, শ্বাসকষ্টজনিত জরুরি অবস্থা মোকাবেলা এবং আহত খেলোয়াড়কে নিরাপদ সহায়তা প্রদানের কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালা শেষে সফলভাবে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীকে সুইডেনের ‘এফএসি’ (ফার্স্ট এইড কোর্চ) কর্তৃক আন্তর্জাতিক সনদ প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল মো. গোলাম মাবুদ হাসান এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমানসহ প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সেমিনারে ক্রীড়া, চিকিৎসা, ফিজিওথেরাপি, পুনর্বাসন ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ, বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রশিক্ষক এবং ক্রীড়াবিদবৃন্দ অংশগ্রহণ করেন।