বাসস
  ১৫ জুন ২০২৬, ১৮:২৪

প্রথম ম্যাচ থেকেই ইংল্যান্ড শক্তি ও সামর্থ্য দেখাতে চায় : ও’রিলি

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ জুন ২০২৬ (বাসস) : চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ থেকেই শক্তি ও সামর্থ্য দেখাতে চায় একবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দলের ডিফেন্ডার নিকো ও'রিলি জানান, মাঠে কোনো ছাড় না দিয়ে প্রথম ম্যাচ থেকেই পূর্ণ শক্তি এবং নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে চায় ইংলিশরা।

আগামী ১৮ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ১৯৬৬ আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 

তাই চলতি বিশ্বকাপে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচের আগে ২০১৮ সালের স্মৃতি ফিরে আসছে। কারন ঐ আসরের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ইংল্যান্ড। এজন্য দু’দলের ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা বিরাজ করছে। 

উত্তেজনায় গা না ভাসিয়ে মাঠে নিজেদের পারফরমেন্সের দিকে মনোযোগ দিতে চান ২২ বছর বয়সী রিলি। 

তিনি বলেন, ‘আমরা গরমের সাথে মানিয়ে নিচ্ছি। প্রচুর অনুশীলন করছি। দু’টি প্রস্তুতি ম্যাচে সবাই খেলার সুযোগ পেয়েছে। এখন মাঠে নেমে সেরা পারফরমেন্স করতে হবে আমাদের এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে। স্বাভাবিকভাবেই, আমাদের এই প্রতিযোগিতার জন্য প্রস্তুত হতে হবে। আমরা দল হিসেবে দারুন প্রস্তুতি নিয়েছি।’

থমাস টাচেল ও অধিনায়ক হ্যারি কেনের অধীনে বিশ্বকাপে দল হয়ে ওঠার চেষ্টা করছে ইংল্যান্ড। বিশ্বকাপের জন্য দলগত সাফল্যই সবচেয়ে বেশি বলে মনে করেন তিনি, ‘আমাদের মধ্যে যে একতা রয়েছে, তাতে অনুভব করতে পারছি যে আমরা একটি দল। সবাই ঐক্যবদ্ধ এবং আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো।’

তিনি আরও বলেন, ‘কোস্টা রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে অনেক সুযোগ পেয়েছিলাম আমরা এবং এখন সময় বিশ্বকাপের মঞ্চে প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলা।’

প্রথমবারের মত বিশ্বকাপ খেলার অপেক্ষায় আছেন ও’রিলি। বিশ্বকাপে খেলার স্বপ্ন সত্যি হতে যাচ্ছে বলে জানান তিনি, ‘স্বপ্ন সত্যি হতে চলেছে। এটা এমন এক স্বপ্ন, যেটা আমি ছোটবেলা থেকে দেখে এসেছি। আমি এখনও তরুণ। মাঠে নামার তর সইছে না।’

১৭ মাস আগে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়ে অভিষেক হয় ও’রিলির। এরপর ৪৩ ম্যাচ খেলে ৭ গোল করেছেন তিনি। 

নিজের প্রথম বিশ্বকাপ নিয়ে ও’রিলি আরও বলেন, ‘বিশ্বকাপে খেলবো, এটা বুঝতে মাঝে মাঝে চিমটি কেঁটে দেখতে হচ্ছে। সব কিছু খুব দ্রুত ঘটছে। গত জানুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগে অভিষেক হয় আমার। এরপর আমি ম্যানচেস্টার সিটির হয়ে একের পর এক সাফল্য পেয়েছি এবং সেটাই এখানে নিয়ে এসেছে আমাকে। 

নিজের প্রথম বিশ্বকাপকে স্মরনীয় করে রাখতে চাই।’