বাসস
  ১৩ জুন ২০২৬, ২১:৫১

কেন-বেলিংহ্যামদের অনুশীলন সরঞ্জাম চুরি

ঢাকা, ১৩ জুন ২০২৬ (বাসস) : চলতি ফুটবল বিশ্বকাপে অংশ নিতে শনিবার কানসাস সিটিতে পৌঁছানোর আগেই ইংল্যান্ড দলের অনুশীলনের সরঞ্জাম চুরি হয়েছে।

ফ্লোরিডার মিসৌরির ‘সোপ সকার ভিলেজ’ প্রশিক্ষণ ক্যাম্পে ইংল্যান্ড দলের সরঞ্জামাদি নিয়ে যাওয়ার সময় পরিবহন থেকে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইংল্যান্ডের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। 

কী কী সরঞ্জামাদি চুরি হয়েছে সেটি খতিয়ে দেখছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। ধারণা করা হচ্ছে, অনুশীলনের জন্য ব্যবহৃত বল-বুটসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি হয়েছে। 

ইতোমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে কানসাস সিটি পুলিশ বিভাগ। এফএ’র সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে স্থানীয় পুলিশ বিভাগ। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি সন্দেহভাজনকে দু’জনকে আটকও করা হয়েছে। 

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে পুলিশের একজন মুখপাত্র জানান, ‘তদন্তের জন্য দুই সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।’

‘এল’ গ্রুপে আগামী বুধবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করবে ইংল্যান্ড। এই গ্রুপে ইংলিশদের অন্য দুই প্রতিপক্ষ- ঘানা ও পানামা।