বাসস
  ১১ জুন ২০২৬, ১৮:২৯

বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য ৪১ ওভারে ১৯২ রান

ঢাকা, ১১ জুন ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে জয়ের জন্য বৃষ্টি আইনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। 

টস জিতে প্রথমে ব্যাট করে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ইনিংসের ৪২ ওভারের পর বৃষ্টি নামলে বৃষ্টি আইনে নতুন লক্ষ্য পায় বাংলাদেশ। 

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহেমেদের তোপের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম ওভারের চতুর্থ বলে অসি ওপেনার ম্যাথু শর্টকে বোল্ড করেন তাসকিন। চার বল খেলেও রানের খাতা খুলতে পারেননি শর্ট। 

পরের ওভারে জোড়া উইকেট তুলে নেন মুস্তাফিজ। ওভারের প্রথম বলে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দেন অস্ট্রেলিয়ার আরেক ওপেনার কুপার কনোলি। 

ঐ ওভারের শেষ বলেও লিটনকেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ম্যাট রেনশ। শর্টের মত কনোলি ও রেনশও খালি হাতে থামেন। শূন্য রানে ৩ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে অস্ট্রেলিয়া। 

নিজেদের ক্রিকেট ইতিহাসে এক হাজারের বেশি ওয়ানডে খেলা অস্ট্রেলিয়া এর আগে কখনো শূন্য রানে ৩ উইকেট হারায়নি। 

২ ওভার শেষে মহাবিপদে পড়া অস্ট্রেলিয়াকে চাপমুক্ত করার চেষ্টা করেন জশ ইংলিশ ও অ্যালেক্স ক্যারি। দু’জনে চতুর্থ উইকেটে ৩৪ বলে ২৫ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন। ক্যারিকে ১৩ রানে শিকার করে জুটি ভাঙ্গেন মুস্তাফিজ। এতে ২৫ রানে চতুর্থ উইকেট পতন হয় অস্ট্রেলিয়ার। 

এরপর পঞ্চম উইকেটে বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলে অস্ট্রেলিয়াকে ৪৩ রান এনে দেন অধিনায়ক জশ ইংলিশ ও ক্যামেরুন গ্রিন। দলীয় ৮১ রানের মধ্যে ইংলিশ ও গ্রিনকে নিজের শিকার বানান বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম। ইংলিশ ৩৪ ও গ্রিন ২৫ রান করেন। 

৮১ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে চাপে পড়া অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরান মার্নাস লাবুশেন ও জেভিয়ার বার্টলেট। ১১৫ বলে ১০৩ রানের জুটি গড়ার পথে হাফ-সেঞ্চুরির স্বাদ নেন বার্টলেট। 

৪১তম ওভারের দ্বিতীয় বলে বার্টলেটকে বোল্ড করে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দেন তাসকিন। পরের ডেলিভারিতে নতুন ব্যাটার এডাম জাম্পাকেও বোল্ড করেন তিনি। এতে ১৮৪ রানে অষ্টম উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৪টি চার ও ২টি ছক্কায় ৪৮ বলে ৫২ রান করেন বার্টলেট। 

নবম উইকেটে লাবুশেন ও নাথান এলিস ৯ বলে ৩ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। ঐসময় অস্ট্রেলিয়ার স্কোর ছিল- ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান। লাবুশেন ৫৫ ও এলিস ২ রানে অপরাজিত ছিলেন। 

বৃষ্টির কারনে ২ ঘন্টার বেশি সময় নষ্ট হলে, আর ব্যাট করার সুযোগ পায়নি অস্ট্রেলিয়া। ফলে জয়ের জন্য বৃষ্টি আইনে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য পায় বাংলাদেশ।

বল হাতে তাসকিন ৩৩ রানে ও মুস্তাফিজ ২৭ রানে ৩টি করে উইকেট নেন। ৪৫ রানে ২ উইকেট নেন তানভীর।