বাসস
  ২১ মে ২০২৬, ১৯:৩৫

বরগুনাকে উড়িয়ে ‘নতুন কুঁড়ি’ ফুটবলে চ্যাম্পিয়ন বরিশাল, শ্রাবন্তীর হ্যাটট্রিক

ছবি : বাসস

ঢাকা, ২১ মে ২০২৬ (বাসস) : মেহেন্দিগঞ্জের অদম্য কিশোরী শ্রাবন্তী কীর্তনীয়ার চোখ ধাঁধানো হ্যাটট্রিকে বরগুনা জেলাকে ৩-০ গোলে হারিয়ে ‘নতুন কুঁড়ি ২০২৬’ ফুটবলে বালিকা বিভাগে আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বরিশাল জেলা দল। 

কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে এই জয়ের পর শুধুই বরিশালের মেয়েদের উল্লাস দেখা গেছে। প্রতিপক্ষ বরগুনা জেলা দলকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে বরিশাল জেলা দল। আর এই রাজকীয় জয়ের একমাত্র রূপকার মেহেন্দিগঞ্জের এক অদম্য কিশোরী- শ্রাবন্তী কীর্তনীয়া। 

ফাইনালে প্রতিপক্ষের জালে একাই ৩ বার বল পাঠিয়ে হ্যাটট্রিকের অনবদ্য গৌরব অর্জন করেছে সে। কেবল ফাইনালই নয়, সেমিফাইনালেও পটুয়াখালীর বিপক্ষে জোড়া গোল করে দলকে ফাইনালে তোলার মূল কারিগর ছিল এই ফরোয়ার্ড।

খেলা শুরুর পর থেকেই মাঠের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বরিশাল। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা শ্রাবন্তীর পায়ের জাদুতে কুপোকাত হয় বরগুনার রক্ষণভাগ। একের পর এক আক্রমণ সাজিয়ে বরগুনার গোলপোস্ট তছনছ করে দেয় মেহেন্দিগঞ্জ আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এই শিক্ষার্থী। তার গতি, ড্রিবলিং আর নিখুঁত ফিনিশিংয়ের সামনে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি প্রতিপক্ষ। ম্যাচ সেরা ও টুর্নামেন্ট সেরার আলোচনাতেও সবার ওপরে ছিল এই উদীয়মান তারকা।

অথচ মাঠের এই রূপকথার পেছনের গল্পটা চড়াই-উতরাইয়ে ভরা। বরিশালের মেহেন্দিগঞ্জের এক সাধারণ পরিবার থেকে উঠে এসেছে শ্রাবন্তী। বাবা বাদল চন্দ্র কীর্তনীয়া পেশায় একজন দর্জি এবং মা বিথী রানী দাস গৃহিণী। নুন আনতে পান্তা ফুরানোর এই সংসারে কোনো পেশাদার বা একাডেমিক কোচিংয়ের সুযোগ পায়নি শ্রাবন্তী। চড়া মূল্যের সুযোগ-সুবিধা কিংবা উন্নত প্রশিক্ষণ ছাড়াই কেবল সহজাত প্রতিভা আর তীব্র ইচ্ছাশক্তিকে পুঁজি করে সে আজ মাঠ মাতাচ্ছে।

শ্রাবন্তীর ফুটবলের অনুপ্রেরণা দেশীয় ফুটবলের গতি তারকা ঋতুপর্ণা চাকমা এবং বিশ্বফুটবলের মহাতারকা লিওনেল মেসি। অভাবের সংসার আর প্রাতিষ্ঠানিক নির্দেশনার অভাব সত্ত্বেও শ্রাবন্তীর চোখজুড়ে এখন অনেক বড় স্বপ্ন। তার মূল লক্ষ্য, একদিন কঠোর পরিশ্রমের মাধ্যমে লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠ মাতানো।

সারাদেশের প্রান্তিক অঞ্চল থেকে লুকিয়ে থাকা ক্রীড়া প্রতিভা খুঁজে বের করার এক মহতী উদ্যোগ ‘নতুন কুঁড়ি ২০২৬’, শ্রাবন্তী কীর্তনীয়ার এই অবিশ্বাস্য পারফরম্যান্স যেন সেই কর্মসূচির সাফল্যেরই এক উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের ফুটবল বোদ্ধাদের মতে, যথাযথ পৃষ্ঠপোষকতা আর উন্নত প্রশিক্ষণ পেলে শ্রাবন্তীর মতো প্রতিভারা আগামী দিনে বাংলাদেশের নারী ফুটবলকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে।