শিরোনাম

ঢাকা, ২ মে ২০২৬ (বাসস) : তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য নিউজিল্যান্ডকে ১৫ ওভারে ১০৩ রানের লক্ষ্য দিল স্বাগতিক বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয় টাইগাররা। বৃষ্টির কারণে ম্যাচটি ১৫ ওভারে অনুষ্ঠিত হচ্ছে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করার সুযোগ পায় বাংলাদেশ। ৩ ওভারে ২১ রান তুলে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন টাইগারদের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান। চতুর্থ ওভারের শুরুতে বাংলাদেশের উদ্বোধনী জুটি ভাঙ্গেন নিউজিল্যান্ডের হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা বাঁ-হাতি স্পিনার জেডেন লেনক্স। ২টি চারে ১১ বলে ১৬ রান করা সাইফকে শিকার করেন লেনক্স।
ইনিংসের পঞ্চম ওভারে পরপর দুই বলে উইকেট নিয়ে বাংলাদেশ শিবিরে জোড়া আঘাত হানেন নিউজিল্যান্ড পেসার নাথান স্মিথ। তানজিদকে ৬ রানে এবং পারভেজ হোসেন ইমনকে খালি হাতে বিদায় দেন স্মিথ। ৩৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। ফলে পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৪৩ রানের বেশি তুলতে পারেনি টাইগাররা।
সপ্তম ওভারের চতুর্থ বলের পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা। প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে খেলা। ফলে ম্যাচটি ১৫ ওভারে নির্ধারিত হয়। বৃষ্টিতে বন্ধ হবার আগে বাংলাদেশের স্কোর ছিল- ৬.৪ ওভারে ৩ উইকেটে ৫০ রান। এসময় অধিনায়ক লিটন দাস ২৫ ও তাওহিদ হৃদয় ২ রানে অপরাজিত ছিলেন।
বৃষ্টির পর রানের গতি বাড়ানোর চেষ্টা করেন লিটন ও হৃদয়। কিন্তু নবম ওভারের দ্বিতীয় বলে নিউজিল্যান্ড পেসার জশ ক্লার্কসনের বলে স্মিথকে ক্যাচ দেন লিটন। ৩টি চার ও ১টি ছক্কায় ১৭ বলে ২৬ রান করেন টাইগার দলপতি। চতুর্থ উইকেটে ২২ বলে ২৮ রান যোগ করেন লিটন-হৃদয়।
এরপর পঞ্চম উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন হৃদয় ও শামীম হোসেন। কিন্তু ১৯ বলে ২৩ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। দলীয় ৮৬ রানে পঞ্চম ব্যাটার হিসেবে শামীম ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৪.২ ওভারে ১০২ রানে অলআউট হয় বাংলাদেশ। ১৮ বলে ১৬ রানে শেষ ৬ উইকেট হারায় টাইগাররা।
দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন সিরিজের প্রথম ম্যাচের হিরো হৃদয়। তার ২৪ বলের ইনিংসে ৩টি চার ও ২টি ছক্কা ছিল।
২ ওভারে ৯ রানে ৩ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের হয়ে সেরা বোলিং পারফরমেন্স করেছেন ক্লার্কসন। এছাড়া স্মিথ ও বেন সিয়ার্স ২টি করে উইকেট নেন।