বাসস
  ০১ মে ২০২৬, ১৯:০২

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে অপরিবর্তিত বাংলাদেশ দল

ছবি : সংগৃহীত

ঢাকা, ১ মে ২০২৬ (বাসস) : নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে দলে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ম্যাচের দলের ওপর আস্থা রেখেছে নির্বাচকরা।

আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছিল বাংলাদেশ। প্রথমবারের মতো মূল জাতীয় দলে সুযোগ পান দুই পেসার রিপন মন্ডল ও আবদুল গাফফার সাকলাইন।

প্রথম ম্যাচের একাদশে সুযোগ পান রিপন। ৪ ওভারে ৩৯ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। তৃতীয় ও শেষ ম্যাচের স্কোয়াডেও রাখা হয়েছে রিপন ও সাকলাইনকে।

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচ শেষে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে প্রথম ম্যাচে ৬ উইকেট জয় পায় বাংলাদেশ। বৃষ্টির কারণে একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়।

তৃতীয় টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।