বাসস
  ০১ মে ২০২৬, ১৮:৪৭

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে কাল শ্রীলংকার মুখোমুখি বাংলাদেশ নারী দল

ছবি : সংগৃহীত

ঢাকা, ১ মে ২০২৬ (বাসস) : প্রথম দুই টি-টোয়েন্টি হেরে ইতোমধ্যে শ্রীলংকার কাছে তিন ম্যাচের সিরিজ হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে লংকানদের কাছে হোয়াইটওয়াশের মুখে পড়েছে টাইগ্রেসরা। হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলংকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। 

সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ২৫ রানে ম্যাচ হারে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেটে ১৬১ রান করে শ্রীলংকা। জবাবে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। 

এরপর সতীর্থদের সঙ্গ না পেলেও এক প্রান্ত আগলে একা লড়াই করেছেন ছয় নম্বরে নামা স্বর্ণা আক্তার। কিন্তু তার ৪৫ বলে ৬০ রানের লড়াকু ইনিংসেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে ৭ উইকেটে ১৩৬ রান তুলে ম্যাচ হারে টাইগ্রেসরা।

দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ বাংলাদেশ। শ্রীলংকার ছুঁড়ে দেওয়া ১৫৫ রানের টার্গেটে ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রান করতে পারে টাইগ্রেসরা। ৪৬ রানের সূচনার পর ১২ ওভারে ২ উইকেটে ৭৯ রান তুলে লড়াইয়ে ছিল বাংলাদেশ। কিন্তু পরের দিকের ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায়, ম্যাচ হেরে সিরিজ হারের স্বাদ পায় টাইগ্রেসরা। 

প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায়, এখন হোয়াইটওয়াশে মুখে পড়েছে বাংলাদেশ। এর আগে টি-টোয়েন্টিতে তিন ম্যাচের সিরিজে দশবার হোয়াইটওয়াশ হয়েছে টাইগ্রেসার। ভারত, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে দু’বার করে এবং নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের কাছে একবার করে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। কিন্তু কখনও শ্রীলংকার কাছে হোয়াইটওয়াশ হয়নি বাংলাদেশ।

শ্রীলংকার বিপক্ষে মাত্র একবার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। ২০২৩ সালে শ্রীলংকা সফরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ নারী দল। 

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ১৫বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলংকা। এরমধ্যে বাংলাদেশের জয় ৩টিতে এবং শ্রীলংকা জিতেছে ১২টিতে।