শিরোনাম

ঢাকা, ১ মে ২০২৬ (বাসস) : ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে পাঁচ বছরের নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন কোবি মাইনু। নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত তিনি ওল্ড ট্র্যাফোর্ডে থাকছেন। এর মাধ্যমে এক মাস ধরে চলতে থাকা শঙ্কার অবসান হলো।
২১ বছর বয়সী মাইনু ২০১৪ সালে ইউনাইটেডের একাডেমি থেকে সিনিয়র দলে যোগ দিয়েছিলেন। এ পর্যন্ত ইউনাইটেডের হয়ে খেলেছেন ৯৮টি ম্যাচ। গোল করেছেন সাতটি। এর মধ্যে ২০২৪ সালে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে এফএ কাপের ফাইনালে রয়েছে মাইনুর করা এক গোল।
সাবেক বস রুবেন আমোরিমের অধীনে মাইনু খুব একটা সুবিধা পাননি। গত আগস্টে ধারে অন্যত্র যাবার অনুরোধ করলে সেটাও নাকচ হয়ে গিয়েছিল। এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় মাত্র একটি ম্যাচে মূল দলে খেলেছেন।
তবে আমোরিম বরখাস্ত হওয়ার পর মৌসুমের শেষ পর্যন্ত প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়া মাইকেল ক্যারিকের অধীনে নতুন করে উজ্জীবিত হয়েছেন মাইনু।
এরপর থেকে একটি ম্যাচ ছাড়া সবগুলোতেই একাদশে ছিলেন এই মিডফিল্ডার এবং তার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে ইউনাইটেড প্রিমিয়ার লিগে তৃতীয় স্থানে উঠে এসে প্রায় নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগে ফেরা।
মাইনু বলেন, “ম্যানচেস্টার ইউনাইটেড সবসময়ই আমার ঘর, এই বিশেষ ক্লাবটি আমার পরিবারের জন্য সবকিছু। আমরা সবাই ক্লাবের ভেতরে গতি তৈরি হতে দেখছি। আগামী বছরগুলোতে বড় শিরোপার জন্য নিয়মিত লড়াই করতে দলকে সাহায্য করার জন্য আমি নিজের ভূমিকা রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।”
ইউনাইটেডের ফুটবল পরিচালক জেসন উইলকক্স মাইনুকে বিশ্বের অন্যতম প্রতিভাবান তরুণ ফুটবলার হিসেবে অভিহিত করেছেন।
মাইনু ইংল্যান্ড জাতীয় দলে থমাস টাচেলের অধীনে পুনরায় জায়গা ফিরে পেয়েছেন। মার্চ মাসে উরুগুয়ে ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচেও তিনি খেলেছেন।