শিরোনাম

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬ (বাসস) : দেশে ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি ও খেলাধুলার প্রসারে ঢাকার পল্টন ময়দানে আজ 'ন্যাশনাল রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ২০২৬'-এর উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বাংলাদেশ রাগবি ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের মাটিতে রাগবি খেলার এই নবযাত্রাকে আমি স্বাগত জানাই। আমাদের খেলোয়াড়দের প্রতিভা বিকাশের জন্য আমরা সুযোগ তৈরি করে দিতে চাই।
রাগবি খেলাকে দেশব্যাপী জনপ্রিয় করার পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, রাগবি কেবল ঢাকা কেন্দ্রিক থাকবে না, বরং জেলা পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়া হবে। প্রতিটি জেলায় যেন রাগবি চর্চা শুরু হয়, সেজন্য রাগবি ফেডারেশনকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। ফেডারেশনকে একটি পূর্ণাঙ্গ বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার তৈরির অনুরোধ জানিয়ে প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, এই ক্যালেন্ডার বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। প্রতিমন্ত্রী আরও জোর দিয়ে বলেন, আমাদের কাছে সকল খেলাই সমান। প্রতিটি ফেডারেশনকে সমান গুরুত্ব দিয়ে আমরা এগিয়ে নিতে চাই।
রাগবি মাঠ থেকে প্রতিমন্ত্রী পল্টনস্থ জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে 'মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতা (বালক ও বালিকা) ২০২৬'-এর উদ্বোধন করেন। হ্যান্ডবল এদেশের একটি জনপ্রিয় খেলা উল্লেখ করে তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে এই আয়োজন একটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ।
উপস্থিত কিশোর-কিশোরী হ্যান্ডবল খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ দেখে তিনি গভীর উচ্ছ্বাস প্রকাশ করেন। কোমলমতি বালক-বালিকাদের নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের জন্য বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনকে তিনি সাধুবাদ জানান এবং ভবিষ্যতে হ্যান্ডবলকে “নতুন কুঁড়ি” কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।
টুর্নামেন্টের প্রথম দিনে বালক বিভাগে জয় পেয়েছে সানিডেইল, মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, নৌবাহিনী কলেজ, ঢাকা, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ।
বালিকা বিভাগে জয় পেয়েছে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ, সানিডেইল, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এবং শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়।