শিরোনাম

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬ (বাসস) : দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে শাম্মি সিলভার নেতৃত্বাধীন বোর্ড সম্প্রতি পদত্যাগ করার পর শ্রীলংকা ক্রিকেট (এসএলসি) পরিচালনার জন্য ৯ সদস্যের ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করেছে দেশটির সরকার ।
কমিটিতে আছেন সাবেক তিন ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, রোশন মহানামা ও সিদাথ ওয়েটিমুনি। কমিটির বেশিরভাগ সদস্যই কর্পোরেট, আইন ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিত্ব।
কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য এরান বিক্রমারত্নেকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা ও দীর্ঘদিনের দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে নেয়া এ কমিটির লক্ষ্য ক্রিকেট বোর্ডে স্বচ্ছতা আনা, আর্থিক জবাবদিহিতা নিশ্চিত করা এবং দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করা।
কমিটির দায়িত্ব পাওয়ার পর এক বিবৃতিতে বিক্রমারত্নে বলেন, ‘ এমন একটি দক্ষ এবং সৎ কমিটির নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের।’
‘ট্রান্সফরমেশন কমিটি’র দু’টি প্রধান লক্ষ্য তুলে ধরে বিক্রমারত্নে বলেন, ‘আমাদের প্রথম লক্ষ্য হলো- এসএলসির শাসন কাঠামো সম্পূর্ণভাবে ঢেলে সাজানো। আমাদের দ্বিতীয় লক্ষ্য হলো- মাঠের খেলায় শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা। আমরা এমন একটি কাঠামো ও বিশ্বমানের সুযোগ-সুবিধা এবং ইনসেনটিভ মডেল তৈরির দিকে মনোযোগ দেব, যা আমাদের জাতীয় দলগুলোকে শক্তিশালী করবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো- খেলোয়াড়দের ধারাবাহিকভাবে বিশ্বমানের পারফরমেন্স করা এবং আন্তর্জাতিক র্যাংকিংয়ে শীর্ষস্থান ফিরে পাওয়া।’