বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ২১:১৬

বিশ্বকাপ দেখার জন্য নিউ ইয়র্কে ফ্রি ফ্যান জোন চালুর ঘোষণা

ঢাকা, ২৮ এপ্রিল ২০২৬ (বাসস) : বিশ্বকাপের খেলা দেখার উচ্চ খরচ নিয়ে উদ্বেগের মধ্যে নিউ ইয়র্কে ভক্তদের জন্য বিনামূল্যে ফ্যান জোন চালুর ঘোষণা দিয়েছে আয়োজক ও শহর কর্তৃপক্ষ।

১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপের আয়োজক শহরগুলোর একটি নিউ ইয়র্ক, যেখানে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে টুর্নামেন্টটি আয়োজন করছে।

গত সপ্তাহে ঘোষণা করা হয়, মেটলাইফ স্টেডিয়ামে (যেখানে ফাইনালসহ আটটি ম্যাচ হবে) যাতায়াতের ট্রেনের রিটার্ন টিকিটের দাম হবে ১৫০ ডলার। যেখানে সাধারণত এর মূল্য হয় ১২.৯০ ডলার। এতে ভক্তদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়।

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন তিনি এই বিশ্বকাপকে নিউ ইয়র্কবাসীর জন্য আরও সাশ্রয়ী করতে চান। শহরের পাঁচটি স্থানে বিনামূল্যে ফ্যান জোন তৈরি করা হবে, যেখানে মানুষ লাইভ খেলা দেখতে পারবে, স্থানীয় খাবার উপভোগ করতে পারবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নিতে পারবে।

সংবাদ সম্মেলনে মামদানি বলেন, “এই ইভেন্টগুলো প্রথমে বিনামূল্যে করার পরিকল্পনা ছিল না, কিন্তু বিশ্বের খেলা সবার জন্য হওয়া উচিত। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যেন ভক্তরা একসঙ্গে খেলা দেখতে পারে, কোনো টাকা খরচ না করেই।”

নিউ জার্সি ট্রানজিট কর্তৃপক্ষ ১৫০ ডলারের ট্রেন ভাড়ার পক্ষে যুক্তি দিয়ে বলেছে, ৭৮ হাজার আসনের স্টেডিয়ামের সকলের কথা চিন্তা করলে ট্রেন চালাতে প্রায় ৫০ মিলিয়ন ডলার খরচ হবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মামদানি অভিযোগ করেন, টুর্নামেন্ট থেকে ফিফার ১১ বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা থাকলেও পরিবহন খরচ শহর কর্তৃপক্ষকেই বহন করতে হচ্ছে।

নিউ জার্সির নতুন গভর্নর মিকি শেরিল ফিফার কাছে স্টেডিয়ামে ভক্তদের যাতায়াত খরচ বহনের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ফিফা তা নাকচ করে জানায়, তাদের আয় সদস্য ফেডারেশন ও অন্যান্য টুর্নামেন্ট পরিচালনায় ব্যয় হয়।

এছাড়া আগের চুক্তি অনুযায়ী স্টেডিয়ামে পার্কিং ব্যবস্থা বাতিল করা হয়েছে, ফলে স্বাভাবিকের চেয়ে চারগুণ বেশি ভক্তকে ট্রেনে পরিবহন করতে হবে বলে জানিয়েছেন শেরিল। অনেক ম্যাচের টিকিটের অতিরিক্ত দামের জন্য আগেই সমালোচনার মুখে থাকা ফিফা নিউ জার্সির এই পদক্ষেপকে “অভূতপূর্ব” বলে উল্লেখ করেছে।