বাসস
  ২৮ এপ্রিল ২০২৬, ২০:১৭

নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশ ভালো বল করেছে : মাহেদি

ঢাকা, ২৮ এপ্রিল ২০২৬ (বাসস) : প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশ দল ভালো বল করেছে বলে মনে করেন টাইগারদের ডান-হাতি অফ-স্পিনার মাহেদি হাসান। নিউজিল্যান্ডের ব্যাটিং ইনিংসে মাঝের ওভারগুলোতে বাংলাদেশ ভালো বল করায় প্রতিপক্ষ ২০ রান কম করেছে বলে জানান মাহেদি। পাশাপাশি সতীর্থ রিশাদ হোসেনের বোলিং পারফরমেন্সের প্রশংসা করেন মাহেদি। 

গত সোমবার চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় নিউজিল্যান্ড। দলীয় ১১ রানে প্রথম উইকেট পতনের পর নিউজিল্যান্ডের হাল ধরেন দুই ব্যাটার কাটেন ক্লার্ক ও ডেন ক্লিভার। দ্বিতীয় উইকেটে ৫০ বলে ৮৮ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডের বড় সংগ্রহের পথ তৈরি করেন তারা।

দশম ওভার থেকে নিউজিল্যান্ডের রানের লাগাম টেনে ধরেন বাংলাদেশের দুই স্পিনার রিশাদ ও মাহেদি। নিজের শেষ ৩ ওভারে ২৪ রানে ২ উইকেট নেন রিশাদ। অন্যদিকে নিজের শেষ ২ ওভারে ১১ রানে ১ উইকেট শিকার করেন মাহেদি। 

রিশাদ-মাহেদির দুর্দান্ত বোলিং পারফরমেন্সে ২শর কাছেও যেতে পারেনি নিউজিল্যান্ড। ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান তুলে কিউইরা। নিজেদের বোলিংকে কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ স্পিনার মাহেদি। 

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো এক ভিডিও বার্তায় মাহেদি বলেন, ‘চট্টগ্রামের উইকেট সবসময় ব্যাটিং সহায়ক হয়।  এখানে বোলারদের জন্য চ্যালেঞ্জ থাকে, কঠিন পরিস্থিতি সামলাতে হয়। প্রথম ম্যাচ দেখলেই বোঝা যায়, আমরা বোলিং ইউনিট হিসেবে কতটা কঠিন সময় পার করেছি। পাশাপাশি নিউজিল্যান্ডও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুরুতে আমাদের কিছুটা লড়াই করতে হয়েছে। তবে ধীরে ধীরে আমরা ম্যাচে ফিরে এসেছি। রিশাদের ওভারগুলো খুব ভালো ছিল। শেষ দিকে আমি দুই ওভারে ভালো কামব্যাক করি। মিডল ওভারে এই দুই স্পেলে আমরা খুবই ভালো করেছি। যে কারনে নিউজিল্যান্ড আরও ২০ রান কম করেছে।’ 

নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশের বোলিং আক্রমণকে এগিয়ে রাখছেন মাহেদি। তিনি বলেন, ‘সব মিলিয়ে উইকেট যদি রিড করা যায়, তাহলে আমি বলব বোলিংয়ের দিক থেকে আমরা নিউজিল্যান্ডের চেয়ে ভালো করেছি। গত এক-দেড় বছরে স্পিনাররা ভালো পারফরমেন্স করেছে। বিদেশের মাটিতেও স্পিনাররা ভালো করেছে। রিশাদ, নাসুম, আমি বা যখনই যেই খেলছে, ভালো করছে। তাই আমার কাছে মনে হয়, স্পিনাররা সবসময় বড় ভূমিকা পালন করে।’ 

গত ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মাহেদি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামেন তিনি। দীর্ঘ বিরতির পর মাঠে ফিরে মানিয়ে নেওয়াটা কঠিন ছিল বলে জানান মাহেদি, ‘আমি পাঁচ মাস আগে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলাম। তাই প্রথম ম্যাচটা আমার জন্য একটু কঠিন ছিল। যত দ্রুত মানিয়ে নিতে পেরেছি, সেটাই আমার জন্য ভালো হয়েছে।’