শিরোনাম

ঢাকা, ২৮ এপ্রিল ২০২৬ (বাসস) : প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতের লক্ষ্য নিয়ে আগামীকাল দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ।
অন্যদিকে সিরিজে টিকে থাকতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের জন্য মরিয়া সফরকারী নিউজিল্যান্ড।
চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে নিউজিল্যান্ড। ১৮৩ রানের টার্গেটে ৭৭ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।
এরপর ব্যাট হাতে ঝড় তুলেন তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও শামীম হোসেন। চতুর্থ উইকেটে ইমনের সাথে ২৮ বলে ৫৭ এবং পঞ্চম উইকেটে শামীমকে নিয়ে ২১ বলে অবিচ্ছিন্ন ৪৯ রান যোগ করে ১২ বল বাকী থাকতে বাংলাদেশের জয় নিশ্চিত করেন হৃদয়।
ইমন ১ চার ও ২ ছক্কায় ১৪ বলে ২৮, শামীম ১৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩১ এবং ২টি চার ও ৩টি ছক্কায় ২৭ বলে ৫১ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা হন হৃদয়।
ম্যাচ শেষে হৃদয় বলেন, ‘ব্যাটিং করার জন্য খুব ভালো উইকেট ছিল। আসলে আমি ম্যাচের পরিস্থিতি নিয়ে ভেবেছি এবং সেই অনুযায়ী খেলার চেষ্টা করেছি। আমার মনে হয়েছিল ঐ সময় আমাদের রান দরকার। এজন্য আমি আক্রমণাত্মক হয়েছিলাম।’
প্রথম ম্যাচে বাংলাদেশ ৯টি ছক্কা মারে। বিপরীতে নিউজিল্যান্ডের ব্যাটাররা মেরেছে ৪টি ছক্কা। এখানে নিউজিল্যান্ড হেরেছে বলে মনে করেন দলের অধিনায়ক নিক কেলি। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটাররা চমৎকার ব্যাট করেছে। তারা আট-নয়টা ছক্কা মেরেছে। কিন্তু আমরা মেরেছি চার-পাঁচটা। এখানেই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। এ ম্যাচ থেকে আমরা শিখব এবং পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে দল।’
নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র একবার সিরিজ জিতেছে বাংলাদেশ। ২০২১ সালের সেপ্টেম্বরে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল টাইগাররা। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে।
২০২৩ সালে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সর্বশেষ তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হয়।
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে ৫টি ম্যাচ জিতেছে টাইগাররা। ১৫ ম্যাচে জয় আছে কিউইদের। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম পাটোয়ারী, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, সাইফুদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।
নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), কাটেন ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেইডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, ন্যাথান স্মিথ, ইশ সোধি, বেন লিস্টার ও ব্লেয়ার টিকনার।