শিরোনাম

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৬ (বাসস) : আগস্টে হংকংয়ে ইংলিশ ও ইতালিয়ান জায়ান্ট ম্যানচেস্টার সিটি, চেলসি, ইন্টার মিলান ও জুভেন্টাস একে অপরের মুখোমুখি হবে। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি আগামী ১ আগস্ট ইন্টার মিলানের বিপক্ষে খেলবে। ৫০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন কেই টাক স্টেডিয়ামে এই ম্যাচের মধ্য দিয়ে হংকং ফুটবল ফেস্টিভ্যাল শুরু হবে। হংকংয়ের প্রচন্ড তাপদাহের কথা চিন্তা করে বছর খানেক আগে এই স্টেডিয়ামে আধুনিকায়নের অংশ হিসেবে ছাদ প্রতিস্থাপন করা হয়েছে।
৫ আগস্ট দ্বিতীয় ম্যাচে চেলসি খেলবে জুভেন্টাসের বিপক্ষে। রোমানিয়ার সাবেক খেলোয়াড় ক্রিস্টিয়ান শিভুর অধীনে ইন্টার সিরি-এ লিগে ২১তম শিরোপা জয়ের পথে রয়েছে। ইতালিয়ান লিগে রেকর্ড ৩৬তম শিরোপা জয় করা জুভেন্টাস রয়েছে টেবিলের চতুর্থ স্থানে। লুসিয়ানো স্পালেত্তির অধীনে জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ স্থানটি দখলের চেষ্টায় রয়েছে।
গত বছর যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ^কাপের ফাইনালে পিএসজিকে হারিয়ে শিরোপা জয় করেছিল চেলসি। ঐ সময়ের কোচ এনজো মারেসকার স্থলাভিষিক্ত হয়েছেন লিয়াম রোসেনিয়র। প্রিমিয়ার লিগে এই মুহূর্তে অষ্টম স্থানে থাকা চেলসির চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে গেছে।
প্রতিটি দলই ম্যাচের আগে উন্মুক্ত ট্রেনিং সেশনে অংশ নিবে। যে কারনে হংকংয়ের সমর্থকরা তাদের প্রিয় খেলোয়াড়দের দেখার বাড়তি সুযোগ পাবে। সিটির গিয়ানলুইগি ডোনারুমা, চেলসির কোল পালমার, ইন্টারের লটারো মার্টিনেজ ও জুভেন্টাসের ডুসান ভøাহোভিচের সমর্থকরা এই সুযোগ যথার্থভাবেই কাজে লাগাবে।
ইতোমধ্যেই ৭ আগস্ট হংকংয়ে এ্যাস্টন ভিলার বিপক্ষে বায়ার্ন মিউনিখ একটি প্রীতি ম্যাচ খেলার ঘোষনা দিয়েছে।