শিরোনাম

ঢাকা, ২৮ এপ্রিল ২০২৬ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি।
চলতি আইপিএলের ৩৯তম ম্যাচে গতরাতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ১৫ বলে ২৩ রানের ইনিংস খেলেন কোহলি। এই ইনিংস খেলার পথে আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৯ হাজার রানের মালিক হন কোহলি।
২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলের প্রথম আসর থেকেই ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি। এখন পর্যন্ত ব্যাঙ্গালুুরুর হয়ে ২৭৫ ম্যাচের ২৬৭ ইনিংসে ৮ সেঞ্চুরি ও ৬৬ হাফ-সেঞ্চুরিতে ৯০১২ রান করেছেন তিনি। কোহলির সর্বোচ্চ রানের ইনিংস অপরাজিত ১১৩।
আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান রোহিত শর্মার। ২৭১ ইনিংসে ২ শতক ও ৪৮ অর্ধশতকে ৭১৮৩ রান করেছেন রোহিত।
২২১ ইনিংসে ৬৭৬৯ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ভারতের শিখর ধাওয়ান।
এরপর আছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার ডেভিড ওয়ার্নার। ১৮৪ ইনিংসে ৬৫৬৫ রান করেছেন তিনি।
আইপিএলের সর্বোচ্চ রানের তালিকায় সম্প্রতি শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন লোকেশ রাহুল। গত শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে অপরাজিত ১৫২ রানের ইনিংস খেলেন তিনি। ঐ ম্যাচেই আইপিএলের সর্বোচ্চ রানের তালিকায় সেরা পাঁচে নাম লেখান রাহুল।
৯ হাজার রানের ক্লাবে জায়গা করে নেওয়ার দিন কোহলির ব্যাঙ্গালুরু ৯ উইকেটে হারিয়েছে দিল্লিকে। প্রথমে ব্যাট করে দুই পেসার ভুবেনশ্বর কুমার ও জশ হ্যাজেলউডের বিধ্বংসী বোলিংয়ে ৮ রানে ৬ উইকেট হারায় দিল্লি। শেষ পর্যন্ত ১৬.৩ ওভারে ৭৫ রানে অলআউ হয় তারা। জবাবে ৮১ বল বাকী রেখে ম্যাচ জিতে নেয় ব্যাঙ্গালুরু।