শিরোনাম

ঢাকা, ২৭ এপ্রিল ২০২৬ (বাসস) : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের প্লে-অফের চার দল চূড়ান্ত হয়েছে। গতরাতে লিগ পর্বের শেষ রাউন্ডে প্লে-অফ নিশ্চিত করেছে ইসলামাবাদ ইউনাইটেড ও নতুন দল হায়দরাবাদ কিংসম্যান।
গতকালের আগে প্লে-অফ নিশ্চিত করেছিল পেশোয়ার জালমি ও মুলতান সুলতানস। ১০ ম্যাচে সর্বোচ্চ ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করে পেশোয়ার।
লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে মুলতান সুলতানসকে ৪ উইকেটে হারিয়ে প্লে অফ নিশ্চিত করে ইসলামাবাদ।
১০ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। ১০ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থাকায় প্লে-অফের টিকিট পায় মুলতান।
শেষ রাউন্ডে রাওয়ালপিন্ডিজকে ১০৮ রানের বড় ব্যবধানে হারিয়ে প্লে-অফে জায়গা করে নেয় হায়দারাবাদ। ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে থাকায় প্লে-অফে নাম লেখায় তারা।
২৮ এপ্রিল থেকে প্লে-অফ পর্ব শুরু হবে। করাচিতে কোয়ালিফায়ারে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল- পেশোয়ার ও ইসলামাবাদ। জয়ী দল সরাসরি ফাইনালে উঠবে। হেরে যাওয়া দল দ্বিতীয় এলিমিনেটরে খেলবে।
২৯ এপ্রিল লাহোরে প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে মুলতান ও হায়দরাবাদ। এ ম্যাচের বিজয়ী দল দ্বিতীয় এলিমিনেটরে উঠবে। আর হেরে যাওয়া দল টুর্নামেন্ট থেকে বিদায় নিবে।
পহেলা মে লাহোরে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচে লড়বে কোয়ালিফাইয়ারে হেরে যাওয়া দল এবং প্রথম এলিমিনেটরের জয়ী দল।
আগামী ৩ মে লাহোরে পিএসএলের ফাইনাল অনুষ্ঠিত হবে।