বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ১৬:১৯

বাংলাদেশকে জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

ঢাকা, ২৭ এপ্রিল ২০২৬ (বাসস) : তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি জয়ের জন্য স্বাগতিক বাংলাদেশকে ১৮৩ রানের লক্ষ্য দিয়েছে সফরকারী নিউজিল্যান্ড। 

টস হেরে প্রথমে ব্যাট করে দুই ব্যাটার কাটেনে ক্লার্ক ও ডেন ক্লিভারের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে নিউজিল্যান্ড। ক্লার্ক ও ক্লিভার ৫১ রান করে করেন। 

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রন জানান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

দ্বিতীয় ওভারেই উইকেট শিকারের আনন্দে মেতে উঠে বাংলাদেশ শিবির। ফিল্ডার তাওহিদ হৃদয়ের সরাসরি থ্রোতে রান আউট হয়ে খালি হাতে ফিরেন ওপেনার টিম রবিনসন। 

দলীয় ১১ রানে প্রথম উইকেট পতনের পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে বাংলাদেশ বোলারদের উপর চড়াও হন আরেক ওপেনার কাটেনে ক্লার্ক ও ডেন ক্লিভার। পাওয়ার প্লে’তে ৬১ রান তুলেন তারা। 

স্পিনার রিশাদ হোসেনের করা দশম ওভারের তৃতীয় বলে টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ক্লিভার। ঐ ওভারের চতুর্থ ডেলিভারিতে লেগ বিফোর আউট হয়ে থামেন ক্লিভার। ২৮ বলে ৭টি চার ও ১টি ছক্কায় ৫১ রান করেন তিনি। 

দলীয় ৯৯ রানে ক্লিভার ফেরার পর টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ক্লার্ক। কিন্তু ক্লার্কও ইনিংস বড় করতে পারেননি। রিশাদের বলে হৃদয়কে ক্যাচ দিয়ে আউট হন ৭ চার ও ১ ছক্কায় ৩৭ বলে ৫১ রান করা ক্লার্ক। দ্বিতীয় উইকেটে ৫০ বলে ৮৮ রান যোগ করেন ক্লার্ক ও ক্লিভার। 

এরপর মিডল অর্ডারে দ্রুত দুই উইকেট হারায় নিউজিল্যান্ড। বেভন জ্যাকবসকে ১ রানে তানজিম হাসান এবং ডিন ফক্সক্রফটকে ৩ রানে আউট করেন স্পিনার মাহেদি হাসান। এতে ১৫ ওভার শেষে ৫ উইকেটে ১৩০ রান তুলে নিউজিল্যান্ড।

ষষ্ঠ উইকেটে ১৭ বলে ৩২ রান যোগ করে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের পথ দেখান এ ম্যাচের অধিনায়ক নিক কেলি ও জশ ক্লার্কসন। ১৮তম ওভারে দলকে ১৬২ রানে রেখে বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের শিকার হন কেলি। ৫ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৯ রান তুলেন তিনি। 

ইনিংসের শেষ ১৩ বলে ২০ রানের অবিচ্ছিন্ন জুটিতে নিউজিল্যান্ডকে ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রানের সংগ্রহ এনে দেন ক্লার্কসন ও নাথান স্মিথ। ২টি চার ও ১টি ছক্কায় ১৪ বলে অপরাজিত ২৭ রান করেন ক্লার্কসন। ২ রানে অপরাজিত থাকেন স্মিথ। 

বল হাতে বাংলাদেশের রিশাদ ২টি, শরিফুল-তানজিম ও মাহেদি ১টি করে উইকেট নেন।