বাসস
  ২৭ এপ্রিল ২০২৬, ১৩:৫২

এশিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ

ছবি : বাসস

ঢাকা, ২৭ এপ্রিল ২০২৬ (বাসস) : চীনের পর্যটন নগরী সানিয়ায় চলমান এশিয়ান বীচ গেমসে কাবাডি ডিসিপ্লিনে সাফল্য পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত লড়াই শেষে আজ আনুষ্ঠানিকভাবে ব্রোঞ্জ পদক গ্রহণ করেছে বাংলাদেশ নারী কাবাডি দল। বিজয়মঞ্চে লাল-সবুজের জার্সি গায়ে যখন নারী অ্যাথলেটরা পদক গ্রহণ করছিলেন, তখন সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নারী কাবাডিতে সোনা জিতেছে ভারত আর রৌপ্য জিতেছে শ্রীলঙ্কা।

আজকের পদক প্রদান অনুষ্ঠানে দলের খেলোয়াড়দের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ। তিনি পদকজয়ী নারী দলের খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং এই অর্জনকে দেশের কাবাডির জন্য এক বড় মাইলফলক হিসেবে অভিহিত করেন।

গেমসে বাংলাদেশ নারী কাবাডি দল অত্যন্ত সুশৃঙ্খল এবং আক্রমণাত্মক কাবাডি প্রদর্শন করেছে। সেমিফাইনালে শক্তিশালী ভারতের কাছে হারলেও, পুরো আসরে তাদের লড়াকু মানসিকতা সকলের প্রশংসা কুড়িয়েছে।

ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘আমাদের মেয়েরা বিদেশের মাটিতে দেশের সম্মান অক্ষুন্ন রেখেছে। এই ব্রোঞ্জ জয় কেবল একটি মেডেল নয়, এটি আমাদের কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনার ফসল।

আমাদের বর্তমান কমিটির লক্ষ ছিল পদক পুনরুদ্ধার করা। এশিয়ান বীচ গেমসে আমাদের মেয়েরা সেটা করে দেখিয়েছে। ১৪ বছর পর এশিয়ান বীচ গেমসের কাবাডিতে  ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।’ 

তিনি আরও বলেন, বীচ কাবাডিতে এই সাফল্য আগামীতে এশিয়ান গেমসসহ অন্যান্য আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ দলকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। বিশেষ করে নারী কাবাডি দলের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই মেডেল তারই প্রতিফলন।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে থাইল্যান্ড ও চাইনিজ তাইপেকে বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। যদিও গ্রুপের শেষ ম্যাচে নেপালের কাছে দারুন লড়াইয়ের পর ৩৬-৩৮ পয়েন্টে পরাজয় বরণ করতে হয় তাদের। নেপালের বিপক্ষে পরাজয়ের কারনে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শক্তিশালী ভারত। সেমিফাইনালে ভারতের কাছে ৫০-৩১ পয়েন্টে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনাল নিশ্চিতের সাথে বাংলাদেশের ব্রোঞ্জ পদক নিশ্চিত হয়। একইসাথে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থান নিয়ে আসর শেষ করেছে বাংলাদেশের নারী দল।