শিরোনাম

ঢাকা, ২৬ এপ্রিল ২০২৬ (বাসস) : দুই নতুন মুখ তানজিদ হাসান ও অমিত হাসানকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা আছে তানজিদের। ৩৪ ওয়ানডেতে ৮১২ রান ও ৪৫ টি-টোয়েন্টিতে ১১২০ রান করেছেন তিনি।
ওয়ানডেতে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরি এবং টি-টোয়েন্টিতে ১১টি হাফ-সেঞ্চুরি আছে তানজিদের। প্রথম শ্রেনির ক্রিকেটে ২৫ ম্যাচে ৫ শতক ও ৬ অর্ধশতকে ১৭৯২ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার।
ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরমেন্সে প্রথমবারের মত জাতীয় দলে সুযোগ পেলেন ডান-হাতি ব্যাটার অমিত। চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে সেন্ট্রাল জোনের বিপক্ষে ১৬২ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। প্রথম শ্রেনির ক্রিকেটে ৪৯ ম্যাচে ১১ শতক ও ১৭ অর্ধশতকে ৪৯.৩২ গড়ে ৩৬৫০ রান করেছেন ২৪ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটার।
এছাড়া ২০২৪ সালের পর টেস্ট দলে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। প্রায় এক বছর পর দলে ফিরলেন স্পিনার নাঈম হাসান।
৮ মে থেকে ঢাকায় প্রথম টেস্টে খেলতে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। ১৬ মে থেকে সিলেটে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের দুই ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।