বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ২০:২৫

প্রথমবার চট্টগ্রামে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড

ঢাকা, ২৬ এপ্রিল ২০২৬ (বাসস) : আগামীকাল থেকে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। 

প্রথমবারের মত চট্টগ্রামের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে একে অপরের বিপক্ষে লড়বে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এর আগে চট্টগ্রামে টি-টোয়েন্টি ফরম্যাটে কোন ম্যাচে মুখোমুখি হয়নি এই দু’দল। 

এই ফরম্যাটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ সবগুলো ম্যাচ খেলেছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মিরপুরে ৬ ম্যাচ খেলে সমান ৩টিতে জয় ও হারের স্বাদ পেয়েছে টাইগাররা। 

যদিও চট্টগ্রামে টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে নিউজিল্যান্ডের। ১২ বছর আগে ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলংকার মুখোমুখি হয়েছিল তারা। ৫৯ রানে ঐ ম্যাচ হেরেছিল কিউইরা।