শিরোনাম

ঢাকা, ২৬ এপ্রিল ২০২৬ (বাসস) : এবেরেচি এজের গোলে শনিবার নিউক্যাসলকে ১-০ ব্যবধানে হারিয়ে আর্সেনাল আবারও প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরে এসেছে। এদিকে রেলিগেশন খরায় থাকা টটেনহ্যাম ২০২৬ সালে প্রথম জয় পেয়ে নতুন করে আশার আলো দেখছে।
দুই সপ্তাহ আগেও গানার্সরা ম্যানচেস্টার সিটির থেকে নয় পয়েন্ট এগিয়ে ছিল। কিন্তু বোর্নমাউথ ও সিটির বিপক্ষে হার সিটিকে এগিয়ে যাওয়ার সুযোগ দেয়। শনিবার নিউক্যাসলের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচটি আর্সেনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই ম্যাচে জয়ের বিকল্প ছিলনা। ম্যাচ শুরু হওয়ার আগে দুই শিরোপা প্রতিদ্বন্দ্বীর পয়েন্ট ছিল সমান ৭০, গোল ব্যবধানও এক। তবে বেশি গোল করায় টেবিলের শীর্ষে ছিল সিটি।
ইংল্যান্ডের মিডফিল্ডার এজে বক্সের বাইরে থেকে কাই হাভার্টজের পাসে জোরালো শটে গোল করে আর্সেনালের চাপ কমান। হতাশাজনক মৌসুমে এটি ছিল নিউক্যাসলের ১৬তম লিগ হার।
আর্সেনাল কোচ মিকেল আর্তেতা স্কাই স্পোর্টসকে বলেন, “আমাদের জিততেই হতো, ব্যবধান খুবই কম ছিল এবং আমরা সেটা পেরেছি।”
তিনি আরও বলেন, “প্রথম ও দ্বিতীয়ার্ধে ভালো মুহূর্ত ছিল। রক্ষণে আমাদের শৃঙ্খলা, সাহস ও অভ্যাস ভালো ছিল, কিন্তু ম্যাচে আধিপত্য বাড়াতে হলে বল পায়ে আমাদের আরও উন্নতি করতে হবে।”
আগামী সপ্তাহে ফুলহামের বিপক্ষে সিটির ম্যাচের আগে আর্সেনাল তাদের ব্যবধান ছয় পয়েন্ট বাড়াতে পারে।
২০০৪ সালের পর প্রথম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের লক্ষ্যে গানার্সরা এবার তাদের চিরস্থায়ী রানার্স-আপ তকমা ঝেড়ে ফেলতে মরিয়া। তবে তাদের সামনে রয়েছে দুর্দান্ত ফর্মে থাকা সিটি, যারা নয় মৌসুমে সপ্তম লিগ শিরোপার লক্ষ্যে ছুটছে।
এদিকে টেবিলের নিচের দিকে তাকালে দেখা যায় স্পার্স ও ওয়েস্ট হ্যাম অবনমন এড়াতে লড়াই করছে, আর উল্ফস ও বার্নলি ইতোমধ্যেই নেমে গেছে। উলভসের বিপক্ষে হুয়াও পালিনহার শেষ মুহূর্তের গোল এবং লন্ডন স্টেডিয়ামে এভারটনের সমতাসূচক গোলের পর মনে হচ্ছিল স্পার্স নিচের তিন দল থেকে বেরিয়ে যাবে।
কিন্তু বদলি খেলোয়াড় ক্যালাম উইলসন ৯২তম মিনিটে গোল করে ওয়েস্ট হ্যামকে ২-১ ব্যবধানে জয় এনে দেন এবং চার ম্যাচ বাকি থাকতে দুই পয়েন্টের ব্যবধান বজায় রাখেন।
এই মাসের শুরুতে অন্তর্বর্তীকালীন কোচ ইগর টুডরের স্থলাভিষিক্ত হওয়ার পর টটেনহ্যামের প্রধান কোচ হিসেবে রবার্তো ডি জার্বি তার প্রথম জয় উদযাপন করেছেন।
তিনি বলেন, “আমাদের বিশ্বাস রাখতে হবে, টিকে থাকতে হবে এবং ম্যাচ জিততে হবে। খেলোয়াড়রা খুব ভালো খেলেছে। এই তিন পয়েন্ট আমাদের মানসিকতা ও উদ্দীপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, যাতে আমরা পরের ম্যাচগুলোর জন্য প্রস্তুত হতে পারি।”
ওয়েস্ট হ্যাম কোচ নুনো এস্পিরিতো সান্তো বিবিসিকে বলেন, রেলিগেশন লড়াই শেষ পর্যন্ত গড়াবে।
শুক্রবার নটিংহাম ফরেস্ট ৫-০ ব্যবধানে সান্ডারল্যান্ডকে হারিয়ে রেলিগেশন শঙ্কা কমিয়েছে।
শনিবার লিভারপুল ৩-১ ব্যবধানে ক্রিস্টাল প্যালেসকে হারিয়ে অ্যাস্টন ভিলার উপরে উঠে চতুর্থ স্থান নিশ্চিত করেছে। সম্প্রতি ইনজুরি কাটিয়ে ফের দলে ফেরা আলেকজান্ডার ইসাক প্রথম গোলটি করেন, আর লিভারপুলের অন্য গোল দুটি করেন অ্যান্ডি রবার্টসন ও ফ্লোরিয়ান রির্টজ।