শিরোনাম

ঢাকা, ২৬ এপ্রিল ২০২৬ (বাসস) : এশিয়ান বীচ গেমসে নারী কাবাডির সেমিফাইনালে ভারতের কাছে হারলেও বড় এক মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে ব্রোঞ্জ নিশ্চিত করার মাধ্যমে দীর্ঘ ১৪ বছর পর এই আসর থেকে পদক পুনরুদ্ধার করল বাংলাদেশের মেয়েরা। ২০১২ সালের পর এশিয়ান বীচ গেমসের কাবাডিতে এটিই বাংলাদেশের প্রথম পদক জয়।
চীনের সানিয়ায় এশিয়ান বীচ গেমস নারী কাবাডির ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের শক্তিশালী বাঁধা টপকাতে পারেনি বাংলাদেশ। সেমিফাইনালের হাই-ভোল্টেজ ম্যাচে ভারতের কাছে ৫০-৩১ পয়েন্টে পরাজিত হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ফাইনালে পৌঁছাতে না পারলেও খালি হাতে ফিরছে না বাংলাদেশ। সেমিফাইনালে খেলায় নিয়ম অনুযায়ী নিশ্চিত হয়েছে বাংলাদেশের ব্রোঞ্জ পদক। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলা বাংলাদেশের নারী দলটি র্যাংকিংয়ে তৃতীয় স্থান নিয়ে আসর শেষ করল।
ম্যাচের শুরু থেকেই ভারতীয় ডিফেন্ডার এবং রেইডারদের সাথে পাল্লা দিয়ে লড়াই করার চেষ্টা করেন বাংলাদেশের মেয়েরা। প্রথমার্ধের খেলা শেষে স্কোর ছিল ভারত ২২-১৫ বাংলাদেশ। মাত্র ৭ পয়েন্টের ব্যবধান থাকায় বিরতি পর্যন্ত ম্যাচে ফেরার ভালো সম্ভাবনা টিকিয়ে রেখেছিল বাংলাদেশ।
তবে দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলে বাংলাদেশের রক্ষণভাগ। ভারতের অভিজ্ঞ রেইডারদের পয়েন্ট সংগ্রহের ঝড়ে ব্যবধান দ্রত বাড়তে থাকে। শেষ বাঁশি বাজার সময় স্কোরবোর্ডে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৫০, আর বাংলাদেশ থামে ৩১ পয়েন্টে। শেষ পর্যন্ত ১৯ পয়েন্টের ব্যবধানে জয় নিয়ে খেলা শেষ করে ভারত।
সেমিফাইনালে হারলেও টুর্নামেন্টের সামগ্রিক পারফরম্যান্সে গর্ব করার মতো অনেক কিছুই আছে বাংলাদেশের জন্য। নকআউট পর্বে পৌঁছানোর মাধ্যমেই বাংলাদেশের পদক জয় নিশ্চিত হয়েছিল। টুর্নামেন্টের র্যাংকিং অনুযায়ী তৃতীয় স্থানে থেকে এবারের আসর শেষ করল বাংলাদেশ নারী দল।
এর আগে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে থাইল্যান্ড ও চাইনিজ তাইপেকে বিশাল ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। যদিও আজ সকালে গ্রুপের শেষ ম্যাচে নেপালের কাছে দারুন লড়াইয়ের পর ৩৬-৩৮ পয়েন্টে পরাজয় বরণ করতে হয় তাদের।
বিদেশের মাটিতে বাংলাদেশের এই অর্জন দেশের নারী ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা জোগাবে বলে আশা করা হচ্ছে। হারলেও লড়াই করার মানসিকতা আর ব্রোঞ্জ পদক প্রাপ্তিই এই মুহূর্তে বাংলাদেশ দলের বড় সান্তনা।