বাসস
  ২৬ এপ্রিল ২০২৬, ১৫:০৮

খুলনায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু

খুলনা, ২৬ এপ্রিল ২০২৬ (বাসস) : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শিক্ষা গ্রহণের পাশাপাশি শিশুদের নিয়মিত ক্রীড়া চর্চার ওপর গুরুত্বারোপ করে বলেন, আজকের শিশুদের মধ্য থেকেই আগামীর তারকা খেলোয়াড় তৈরী হবে। ক্রীড়া চর্চা একইসাথে শিশুদের শরীর গঠন ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তিনি উল্লেখ করেন। 

কেসিসি প্রশাসক শনিবার বেলা ১১টায় খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক ও বালিকা)-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। সদর থানা প্রাথমিক শিক্ষা অফিস এ টুর্ণামেন্টের আয়োজন করেছে।

শিশুদের জন্য এমন টুর্ণামেন্ট আয়োজনে তিনি শিক্ষা বিভাগের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, ফুটবল আমাদের দেশের জনপ্রিয় খেলার মধ্যে অন্যতম। একসময় জাতীয় পর্যায়ে যে কৃতি ফুটবলারগণ খুলনার সুনাম বয়ে এনেছিলেন তারাও স্কুল জীবন থেকে খেলা শুরু করে জাতীয় পর্যায়ে পৌছেছেন । খুলনায় ক্রীড়া চর্চার জন্য মাঠের স্বল্পতার বিষয় উল্লেখ করে তিনি যেখানে খোলা জায়গা আছে সেখানে শিশুদের ক্রীড়া অনুশীলনের আহবান জানান এবং এ আয়োজনের ধারাবাহিকতা রক্ষায় তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। কেসিসি প্রশাসক এ টুর্ণামেন্টের সার্বিক সফলতা কামনা করেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর রায়েরমহল কলেজ মাঠে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো: রাশিদুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ খান আব্দুল মান্নান, রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শেখ আখতারুজ্জামান মুরাদ, রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোল্লা আব্দুল খালেক,  সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ ও শেখ জামিরুল ইসলাম।