শিরোনাম

ঢাকা, ২৬ এপ্রিল ২০২৬ (বাসস) : চীনের সানিয়ায় এশিয়ান বীচ গেমস কাবাডির গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের কাছে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে হেরে গেছে বাংলাদেশ নারী দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩৬-৩৮ পয়েন্টের ব্যবধানে হার মানতে হয় লাল-সবুজ প্রতিনিধিদের।
এই পরাজয়ে গ্রুপ রানার্স আপ হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। ফাইনালে ওঠার লড়াইয়ে আজই শক্তিশালী ভারতের মুখোমুখি হবে তারা।
শুরু থেকেই ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় ঠাসা। প্রথমার্ধে দুই দলই একে অপরকে এক বিন্দু ছাড় দেয়নি।
বিরতিতে যাওয়ার সময় নেপাল ১৯-১৭ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও নেপালের রক্ষণভাগ এবং রেইডারদের নৈপুণ্যে ব্যবধান বজায় থাকে। নির্ধারিত সময় শেষে স্কোরবোর্ড দাঁড়ায় নেপাল ৩৮ আর বাংলাদেশ ৩৬। মাত্র ২ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় হিমালয় কন্যা নেপাল।
গ্রুপ পর্বে নিজেদের অবস্থান দ্বিতীয় হওয়ায় নিয়ম অনুযায়ী সেমিফাইনালে অন্য গ্রুপের চ্যাম্পিয়ন দল ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে।