শিরোনাম

ঢাকা, ২৫ এপ্রিল ২০২৬ (বাসস) : ব্যাটিং-বোলিং ব্যর্থতায় শ্রীলংকার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সিরিজে ১-১ সমতা নিয়ে আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলংকার মুখোমুখি হয় বাংলাদেশ। সিরিজ নির্ধারনী ম্যাচে শ্রীলংকার কাছে ৭ উইকেটের হার বরণ করে নেয় টাইগ্রেসরা। ৩ উইকেটের জয় দিয়ে সিরিজ শুরু করেছিল নিগার সুলতানার দল। পরের ম্যাচ ৪ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় শ্রীলংকা।
রাজশাহীতে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দলকে ২৮ রানের সূচনা এনে দিয়ে ৩৪ রানের মধ্যে বিদায় নেন স্বাগতিক দুই ওপেনার ফারজানা হক ও শারমিন সুলতানা। ফারজানা ১১ ও শারমিন ১৭ রানে ফিরেন।
তৃতীয় উইকেটে শারমিন আক্তারের সাথে ৩৫ ও চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারিকে নিয়ে ৬৫ রান যোগ করে দলকে ভালো অবস্থায় নেন অধিনায়ক নিগার সুলতানা। শারমিন ২৫ ও নিগার ৪০ রানে ফিরলেও, ওয়ানডেতে তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন সোবাহানা।
মিডল অর্ডারে স্বর্ণা আক্তার ৩ ও ফাহিমা খাতুন ৭ রানে ফিরলে বাংলাদেশের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেটে ২১৩ রানের পুঁিজ পায় বাংলাদেশ। ইনিংসের শেষ বলে আউট হবার আগে ৮টি চারের সহায়তায় ৮০ বলে ৭৪ রান করেন সোবাহানা। এছাড়া আট নম্বরে নেমে ১৬ বলে ৩ চারে ২০ রান করেন রিতু মনি। বল হাতে শ্রীলংকার কাভিশা দিলহারি ৩ উইকেট নেন।
২১৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার হাশিনি পেরেরার হাফ-সেঞ্চুরিতে ২১ বল বাকী থাকতে জয়ের স্বাদ পায় শ্রীলংকা। ১৩টি চারে ১৩১ বলে ৯৫ রান করেন পেরেরা।
এছাড়া ইমেশা দুলানি ৫৬ ও হার্ষিতা সামারাবিক্রমা অপরাজিত ৪৪ রান করে শ্রীলংকার জয়ে অবদান রাখেন।
মারুফা আক্তার ২টি ও সোবাহানা ১টি উইকেট নেন। পেরেরা ম্যাচ সেরা এবং দুলানি সিরিজ সেরা হন।
সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ। ৩ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে আছে বাংলাদেশ। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠল শ্রীলংকা। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড।
আগামীকাল ২৮ এপ্রিল থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও শ্রীলংকা।