শিরোনাম

ঢাকা, ২৫ এপ্রিল ২০২৬ (বাসস) : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ৮শ চার মারার কীর্তি গড়েছেন ভারতের বিরাট কোহলি।
গতরাতে চলমান আইপিএলের ৩৪তম ম্যাচে মুখোমুখি হয়েছিল কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও গুজরাট টাইটান্স। ম্যাচে আইপিএল ক্যারিয়ারে ৮শ চার পূর্ণ করেন কোহলি। এছাড়া একই ম্যাচে আইপিএলের তৃতীয় ব্যাটার হিসেবে ৩শ ছক্কার মাইলফলকও স্পর্শ করেন তিনি।
নামের পাশে ৭৯৯টি চার নিয়ে গুজরাটের বিপক্ষে ব্যাঙ্গালুরুর জার্সিতে খেলতে নামেন কোহলি। ৮ চার ও ৪ ছক্কায় ৪৪ বলে ৮১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন তিনি। এই ইনিংস সাজাতে প্রথম বাউন্ডারিতেই আইপিএলের মঞ্চে প্রথম ব্যাটার হিসেবে ৮শ চার পূর্ণ করেন কোহলি। এজন্য ২৭৪ ম্যাচের মধ্যে ২৬৬ ইনিংস ব্যাট করেছেন তিনি।
৮,৯৮৯ রান নিয়ে আইপিএলের সর্বোচ্চ রানের মালিকও কোহলি। আর মাত্র ১১ রান করলেই আইপিএলে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ চার মারার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সাবেক বাঁ-হাতি ব্যাটার শিখর ধাওয়ান। ২২২ ম্যাচের ২২১ ইনিংসে ৭৬৮টি চার মেরেছেন তিনি।
এই তালিকার তৃতীয় থেকে পঞ্চম স্থানে আছেন যথাক্রমে- অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের রোহিত শর্মা ও আজিঙ্কা রাহানে। ওয়ার্নার ১৮৪ ম্যাচের ১৮৪ ইনিংসে ৬৬৩টি, ২৭৬ ম্যাচের ২৭১ ইনিংসে রোহিত ৬৫৩টি এবং রাহানে ২০৫ ম্যাচের ১৯০ ইনিংসে ৫২২টি চার মারেন।
২৯৯ ছক্কা নিয়ে গুজরাটের বিপক্ষে খেলতে নামেন কোহলি। ব্যাঙ্গালুরুর ইনিংসের অষ্টম ওভারে আফগানিস্তান লেগ স্পিনার রাশিদ খানের বলে লং-অন দিয়ে ছক্কা মেরে ৩শ ওভার বাউন্ডারি পূর্ণ করেন কোহলি।
পাশাপাশি আইপিএলে কোন একটি নির্দিষ্ট দলের হয়ে তিনশ ছক্কা হাঁকানো প্রথম ক্রিকেটার হিসেবে রেকর্ড বইয়ে নাম তুলেছেন কোহলি। ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে ব্যাঙ্গালুরুর হয়ে খেলছেন কোহলি।
১৪২ ম্যাচের ১৪১ ইনিংসে ৩৫৭ ছক্কা নিয়ে তালিকার শীর্ষে আছেন ‘ইউনিভার্স বস’ ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তালিকার দ্বিতীয় স্থানে আছেন রোহিত শার্মা। ২৭৬ ম্যাচ খেলে ২৭১ ইনিংসে ৩১০টি ছক্কা মারেন তিনি।