শিরোনাম

ঢাকা, ২৫ এপ্রিল ২০২৬ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গ করায় শাস্তির মুখে পড়েছেন বাংলাদেশের দুই নারী ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা।
গত বুধবার রাজশাহীতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলংকা। ম্যাচে লেভেল-১ অপরাধে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে নাহিদা ও শারমিনকে।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, আচরণবিধির ২.৫ ধারা ভঙ্গ করেছেন নাহিদা। শ্রীলংকার দলের অধিনায়ক চামারি আতাপাত্তুকে বোল্ড আউট করার পর প্যাভিলিয়নে ফেরার ইশারা দেন নাহিদা। ম্যাচে ৭.২ ওভার বল করে ২১ রানে ৪ উইকেট নেন তিনি।
অন্যদিকে, আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন শারমিন। শ্রীলংকা অধিনায়ক ও স্পিনার আতাপাত্তুর বলে এলবিডব্লিউ হবার পর আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন এবং সাজঘরে ফিরতে দেরি করেন তিনি। আউট হবার আগে ৩৯ বলে ২৫ রান করেন শারমিন।
নাহিদা ও শারমিনের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন ঐ ম্যাচের অনফিল্ড আম্পায়ার ইলোইস শেরিডান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানী এবং চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির।
আর্থিক জরিমানার পাশাপাশি একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে নাহিদা ও শারমিনের নামের পাশে। গত ২৪ মাসের মধ্যে এটিই তাদের প্রথম অপরাধ।
নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছেন নাহিদা ও শারমিন। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আচরণবিধির লেভেল-১ লঙ্ঘনের সর্বনিম্ন শাস্তি হিসেবে তিরস্কার এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। পাশাপাশি এক বা দু’টি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।
নাহিদা ও শারমিনের শাস্তি পাওয়া ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ। ঐ ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় লংকানরা।