বাসস
  ২৫ এপ্রিল ২০২৬, ১৫:৩৩

এফএ কাপের সেমিফাইনালে রড্রিকে নিয়ে কোন ঝুঁকি নিতে চায়না ম্যান সিটি

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ এপ্রিল ২০২৬ (বাসস) : সাউদাম্পটনের বিপক্ষে এফএ কাপের সেমিফাইনালে মিডফিল্ডার রড্রিকে নিয়ে কোন ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেনা ম্যানচেস্টার সিটি। কোচ পেপ গার্দিওলা এই তথ্য নিশ্চিত করেছেন। যদিও উরুর ইনজুরি কাটিয়ে তিনি সুস্থ হয়ে উঠেছেন। 

বার্সেনালের বিপক্ষে গত সপ্তাহে প্রিমিয়ার লিগে ২-১ গোলে গুরুত্বপূর্ণ জয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েন রড্রি। এরপর বার্নলির বিপক্ষে ম্যাচে তিনি দল থেকে ছিটকে যান। 

নয় মৌসুমে সপ্তম প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পথে রয়েছে সিটিজেনরা। যে কারনে ওয়েম্বলির ম্যাচটিতে ২০২৪ ব্যালন ডি’অর জয়ী রড্রিকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাচ্ছেন না গার্দিওলা। 

গত মৌসুমের শুরুতে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ২৯ বছর বয়সী রড্রি। এবার নতুন করে উরুর ইনজুরিতে পড়েছেন। আগামী ৪ মে এভারটনের বিপক্ষে লিগ কাপে তার মাঠে ফেরার আশা করা হচ্ছে। যদিও এনিয়ে নিশ্চিত করে কিছু জানাননি গার্দিওলা।