বাসস
  ২৫ এপ্রিল ২০২৬, ১৫:২২

বিশ্বকাপে আরও শক্তিশালী হয়ে ফিরে আসবেন ইয়ামাল : ফ্লিক

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ এপ্রিল ২০২৬ (বাসস) :  হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে যাওয়া ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল বিশ্বকাপে ফিরবেন এবং বর্তমানের চেয়েও শক্তিশালী হয়ে মাঠে নামবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক।

বুধবার লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে বার্সেলোনার জয়ের ম্যাচে চোট পান ইয়ামাল।

ম্যাচে ইয়ামাল নিজের আদায় করা পেনাল্টি থেকে গোল করে দলকে জয় উপহার দেন। এই জয়ে লা লিগা টেবিলে রিয়াল মাদ্রিদের চেয়ে আট পয়েন্ট এগিয়ে আছে শীর্ষে থাকা বার্সেলোনা। তবে গোল করার পরপরই তিনি চোট পেয়ে মাঠে পড়ে যান এবং তাকে বদলি করা হয়।

ফ্লিক সাংবাদিকদের বলেন, “এই পরিস্থিতি আমাদের জন্য যেমন কঠিন, তার জন্যও তেমনই কঠিন। সে জানে এটি তার প্রথম পেশির চোট। আমি যা অনুভব করছি, সে খুবই মনোযোগী। তার মধ্যে প্রেরণা আছে। সে এখন মাঠের বাইরে, কিন্তু আমি মনে করি বিশ্বকাপে সে থাকবে এবং আরও শক্তিশালী হয়ে ফিরবে।”

গত বছর ব্যালন ডি’অর ভোটে দ্বিতীয় হওয়া ইয়ামাল এই মৌসুমে বার্সেলোনার লা লিগা শিরোপা রক্ষার লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

পেনাল্টি আদায়ের সময় ফাউলের কারণেই হয়তো ইয়ামাল আঘাত পেয়েছিলেন বলে ফ্লিক জানান। তবে আগে কখনও এমন চোট না পাওয়ায় তিনি বিষয়টি পুরোপুরি বুঝতে পারেননি।

এ সম্পর্কে ফ্লিক বলেন, “ফাউলের পর সে কিছুটা অস্বস্তি অনুভব করেছিল, কিন্তু খুব বেশি নয়। তাই সে পেনাল্টি নিতে যায় এবং এরপর হয়তো অস্বস্তিটা বেড়ে যায়। তার আগে কখনও পেশির চোট ছিল না। তার বয়স কম, তাই এটা সহজ নয়। কিন্তু শেষ পর্যন্ত এটি একটি অভিজ্ঞতা এবং তাকে এখান থেকে শিখতে হবে।”

সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ইয়ামাল ২৪টি গোল এবং ১৮টি অ্যাসিস্ট করেছেন । লিগের শেষ ১২ ম্যাচে তার গোল সংখ্যা ৯।

ফ্লিক বলেন, “গত কয়েক সপ্তাহে সে অবিশ্বাস্য পারফরম্যান্স করেছে। ১৮ বছর বয়সের তুলনায় সে অনেক বেশি পরিণত। অবশ্যই এই চোট তাকে প্রভাবিত করছে, কিন্তু এখন তাকে সুস্থ হয়ে আরও ভালোভাবে ফিরে আসার প্রক্রিয়ায় মনোযোগ দিতে হবে।”