বাসস
  ২৪ এপ্রিল ২০২৬, ১৯:৫৬

সিরিজ নির্ধারণী ম্যাচে কাল মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলংকা নারী দল

ঢাকা, ২৪ এপ্রিল ২০২৬ (বাসস) : প্রথম দুই ওয়ানডে শেষে বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের মধ্যকার তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। তাই তৃতীয় ও শেষ ওয়ানডেটি এখন সিরিজ নির্ধারণী ম্যাচ। এ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতবে। সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই আগামীকাল তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলংকা। 

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডে শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে। 

রাজশাহীতে সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলংকাকে ৩ উইকেটে হারায় বাংলাদেশ নারী দল। এর মাধ্যমে ওয়ানডেতে লংকানদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পায় টাইগ্রেসরা। আগের চার ম্যাচের মধ্যে ৩টিতেই হারে বাংলাদেশ। অন্য একটি ম্যাচ পরিত্যক্ত হয়। 

চলতি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান করে শ্রীলংকা। বল হাতে ৩৬ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার পেসার রিতু মনি। 

জবাবে শারমিন আক্তারের ১২৭ বলে ৮৬ রানের সুবাদে ৯ বল বাকী থাকতে জয় পায় বাংলাদেশ। শারমিনের ইনিংসে ১৩টি চার ছিল। 

একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকার কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৪৫ দশমিক ৫ ওভারে ১৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে ১০১ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। 

জবাবে ১৬৬ রানের টার্গেট ৭০ বল বাকী রেখেই স্পর্শ করে শ্রীলংকা। 

বাঁ-হাতি স্পিনার নাহিদা আক্তারের দুর্দান্ত বোলিংয়েও হার এড়াতে পারেনি বাংলাদেশ। ২১ রানে ৪ উইকেট নেন নাহিদা।