শিরোনাম

ঢাকা, ২৪ এপ্রিল ২০২৬ (বাসস) : গতকাল শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিক বাংলাদেশ। এই সিরিজ জয়ে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ৪ রেটিং পয়েন্ট পেয়েছে টাইগাররা। ৮৩ রেটিং নিয়ে আগের মতই র্যাংকিংয়ের নবম স্থানে আছে বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে র্যাংকিংয়ের বাংলাদেশের নবম স্থান আরও পাকাপোক্ত হয়েছে। আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার দৌড়ে ভালো অবস্থায় আছে বাংলাদেশ।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত র্যাংকিংয়ে শীর্ষ আট দলের মধ্যে থাকা দলগুলো সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলবে।
স্বাগতিকরা সেরা আটের মধ্যে থাকলে, র্যাংকিংয়ের ১০ নম্বর পর্যন্ত দলও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
বর্তমানে দক্ষিণ আফ্রিকা পঞ্চম ও জিম্বাবুয়ে ১১তম স্থানে আছে। আগামী বছরের ৩১ মার্চের মধ্যে দক্ষিণ আফ্রিকার আট নম্বরের নিচে নামার এবং জিম্বাবুয়ের ৮ নম্বরের ওপরে ওঠার সুযোগ তেমন নেই। তাই র্যাংকিংয়ের নয় নম্বর জায়গা ধরে রাখতে পারলেই সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে বাংলাদেশ।
বর্তমানে দশ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৭। ক্যারিবীয়দের সাথে বাংলাদেশের রেটিং ব্যবধান এখন-৬।
নিজেদের পরের সিরিজে র্যাংকিংয়ে তিন নম্বর স্থানে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর শীর্ষ দল ভারতের বিপক্ষেও সিরিজ আছে টাইগারদের। এই দুই সিরিজে জিতলে ভালো পয়েন্ট পাওয়া যাবে।
তবে হারলে খুব বেশি পয়েন্ট বেশি কমবে না টাইগারদের।
যে কারণে ৮৩ রেটিং নিয়ে র্যাংকিংয়ের নবম স্থান ধরে রাখতে পারলে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাওয়ার ক্ষেত্রে ভালো অবস্থায় আছে বাংলাদেশ।