বাসস
  ২৪ এপ্রিল ২০২৬, ১৮:৩৩

ওয়াসিম-বোল্টের রেকর্ড স্পর্শ করলেন মুস্তাফিজ

ঢাকা, ২৪ এপ্রিল ২০২৬ (বাসস) : ওয়ানডে ক্রিকেট ইতিহাসে বাঁ-হাতি পেসারদের মধ্যে ইনিংসে সবচেয়ে বেশি ৫ উইকেট শিকারের তালিকায় পাকিস্তানের ওয়াসিম আকরাম ও নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের রেকর্ড স্পর্শ করলেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। এই তিন বোলাররাই নিজেদের ওয়ানডে ক্যারিয়ারে ইনিংসে ছয়বার পাঁচ উইকেট শিকার করেছেন। 

গতকাল চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৯ ওভার বল করে ৪৩ রানে ৫ উইকেট নেন মুস্তাফিজ। ১২০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এই নিয়ে ষষ্ঠবার ইনিংসে ৫ উইকেট নিলেন ফিজ। এই ইনিংসের মাধ্যমে আকরাম ও বোল্টের পাশে জায়গা করে নেন মুস্তাফিজ।

আকরাম ৩৫৬ ওয়ানডেতে এবং বোল্ট ১১৪ ম্যাচে ছয়বার ইনিংসে পাঁচ উইকেট শিকার করেছেন।  

য়ানডে ইতিহাসে বাঁ-হাতি পেসারদের মধ্যে ইনিংসে সবচেয়ে বেশি ৫ উইকেট শিকারের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। ১৩০ ম্যাচে ৯ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি। 

২০১৫ সালের জুনে মিরপুরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতে অভিষেক হয় মুস্তাফিজের। ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচেই পাঁচ বা ততোধিক উইকেট শিকার করেন তিনি। অভিষেক ম্যাচে ৫০ রানে ৫ এবং পরের ম্যাচে ৪৩ রানে ৬ উইকেট নেন ফিজ। 

এরপর ২০১৫ সালের মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪ রানে ৫ উইকেট নেন মুস্তাফিজ। 

২০১৯ সালে এসে চতুর্থ ও পঞ্চমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেন মুস্তাফিজ। ওয়ানডে বিশ্বকাপে বার্মিংহামে ভারতের বিপক্ষে ৫৯ রানে এবং লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ৭৫ রানে ৫টি করে উইকেট নেন ফিজ।

এবার প্রায় ৭ বছর পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে ইনিংসে ৫ উইকেটের দেখা পান মুস্তাফিজ। 

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও মুস্তাফিজের।