বাসস
  ২৪ এপ্রিল ২০২৬, ১৭:৩৬

ইনিংস ব্যবধানে জিতল ইস্ট জোন

ঢাকা, ২৪ এপ্রিল ২০২৬ (বাসস) : বড় জয় দিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ১২তম আসর শুরু করল ইস্ট জোন। প্রথম রাউন্ডের ম্যাচে ইস্ট জোন ইনিংস ও ৫৩ রানের ব্যবধানে হারিয়েছে সেন্ট্রাল জোনকে। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে ১৫৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নেমে তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৮২ রান করেছিল সেন্ট্রাল জোন। ৩ উইকেট হাতে নিয়ে ৭৪ রানে পিছিয়ে ছিল সেন্ট্রাল জোন। 

চতুর্থ দিন প্রথম ঘণ্টায় সেন্ট্রাল জোনের বাকী ৩ উইকেট দ্রুত তুলে নেন ইস্ট জোনের জয় নিশ্চিত করেন পেসার এবাদত হোসেন। ৫ ওভার খেলে মাত্র ২১ রান যোগ করে ১০৩ রানে অলআউট হয় সেন্ট্রাল জোন। 

শেষ তিন ব্যাটার রাকিবুল হাসান ১১, আনামুল হক শূন্য ও সাদমান ইসলাম ৮ রানে এবাদতের শিকার হন। 

দ্বিতীয় ইনিংসে সেন্ট্রাল জোনের হয়ে মোসাদ্দেক হোসেন ২২, আশিকুর রহমান শিবলি ১৭ ও মাহফিজুল ইসলাম ১৩ রান করেন। 

বল হাতে সেন্ট্রাল জোনের এবাদত ২৮ রানে ৪টি উইকেট নেন। প্রথম ইনিংসেও ৪ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া খালেদ আহমেদ ২৭ রানে ৩ উইকেট শিকার করেন। 

১৬২ রানের নান্দনিক ইনিংসে ম্যাচ সেরা হন ইস্ট জোনের অমিত হাসান। 

প্রথম ইনিংসে সেন্ট্রাল জোন ৩০৭ এবং ইস্ট জোন ৪৬৩ রান করে।