বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ২৩:৩০

অমিতের সেঞ্চুরিতে ৭৪ রানে এগিয়ে ইস্ট জোন

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৬ (বাসস) : ব্যাটার অমিত হাসানের সেঞ্চুরিতে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ১২তম আসরের প্রথম রাউন্ডের তৃতীয় দিন শেষে সেন্ট্রাল জোনের বিপক্ষে ৭৪ রানে এগিয়ে ইস্ট জোন।

প্রথম ইনিংসে সেন্ট্রাল জোনের ৩০৭ রানের জবাবে ৪৬৩ রানে অলআউট হয় ইস্ট জোন। ফলে প্রথম ইনিংস থেকে ১৫৬ রানের লিড পায় ইস্ট জোন। অমিত ১৬২ রানের নান্দনিক ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৭ উইকেটে ৮২ রান করেছে সেন্ট্রাল জোন। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত চারদিনের ম্যাচে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ২৪৩ রান করেছিল ইস্ট জোন। অমিত ৮৮ ও মুশফিকুর রহিম ৫৯ রানে অপরাজিত ছিলেন। 

তৃতীয় দিন প্রথম সেশনে ব্যক্তিগত ৮৩ রানে সাজঘরে ফিরেন মুশফিক। অন্যপ্রান্তে প্রথম শ্রেনির ক্রিকেটে ১১তম সেঞ্চুরি তুলে নেন অমিত। এরপর দেড়শ পার করে ১৬২ রানে আউট হন অমিত। তার ২৬৫ বলের ইনিংসে ১৮টি চার ছিল। 

পরের দিকে ইয়াসির আলির অপরাজিত ৭৯ রানের কল্যানে ১১৬ ওভারে ৪৬৩ রানের বড় সংগ্রহ পায় ইস্ট জোন। 

রাকিবুল হাসান ১৫২ রানে ৫ উইকেট নেন। 

১৫৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে সেন্ট্রাল জোন। ৮২ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেছেন মোসাদ্দেক হোসেন। 

ইস্ট জোনের খালেদ আহমেদ ৩ ও হাসান মাহমুদ ২ উইকেট নেন।