বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ২০:৪০

১০ উইকেটের বড় জয়ে বিসিএল শুরু নর্থ জোনের

ঢাকা, ২৩ এপ্রিল, ২০২৬ (বাসস) : বড় জয় দিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ১২তম আসর শুরু করল নর্থ জোন। 

চারদিনের প্রতিযোগিতার প্রথম রাউন্ডের তৃতীয় দিনই নর্থ জোন ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে সাউথ জোনকে। 

সিলেট একাডেমি মাঠে সাউথ জোনের ৩১৪ রানের জবাবে প্রিতম কুমার ও অধিনায়ক আকবর আলির জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৭৯ রান করে নর্থ জোন। ফলে ৪ উইকেট হাতে নিয়ে ৬৫ রানে এগিয়ে ছিল নর্থ জোন। আকবর ১২১ রানে আউট হলে দিন শেষে ১৫১ রানে অপরাজিত থাকেন প্রিতম। 

তৃতীয় দিন ইনিংস বড় করতে পারেননি প্রিতম। ১৬ চার ও ২ ছক্কায় ২০৩ বলে ১৫৫ রান করেন তিনি। 

শেষদিকে সানজামুল ইসলামের ৪৫ রানের সুবাদে সব উইকেট হারিয়ে ৪২৬ রানের সংগ্রহ পায় নর্থ জোন। এতে ১১২ রানের লিড পায় তারা। সাউথ জোনের পেসার সফর আলি ৯৯ রানে ৫ উইকেট নেন। 

প্রথম ইনিংসে ১১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে নর্থ জোনের বোলারদের তোপের মুখে পড়ে ৬৭ রানে ৬ উইকেট হারায় সাউথ জোন। মিডল অর্ডারে ৮০ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরার পথ দেখান সামিউন বশির রাতুল ও মঈন খান। 

৪২ রানে মঈন থামলেও হাফ-সেঞ্চুরির স্বাদ নেন রাতুল। তবে ৩টি করে চার-ছক্কায় ৫৩ রান করেন রাতুল। শেষ পর্যন্ত ১৭২ রানে গুটিয়ে যায় সাউথ জোন। এতে জয়ের জন্য ৬১ রানের লক্ষ্য পায় নর্থ জোন। 

দ্বিতীয় ইনিংস বল হাতে নর্থ জোনের রবিউল হক ৫৩ রান খরচায় ৫ উইকেট, তাইজুল ইসলাম ও মেহেরব হাসান ২টি করে উইকেট নেন।

৬১ রানের টার্গেটে খেলতে নেমে ওপেনার সাব্বির হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে ৯.৪ ওভারেই জয়ের স্বাদ পায় নর্থ জোন। ৩ চার ও ৪ ছক্কায় ৩৫ বলে অপরাজিত ৫৪ রান করেন সাব্বির। 

প্রথম ইনিংসে ১৫৫ রানের দারুণ ইনিংসের সুবাদে ম্যাচ সেরা হন প্রিতম।