শিরোনাম

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৬ (বাসস) : উরুর চোটের কারনে আসন্ন ফিফা বিশ্বকাপে খেলা হচ্ছেনা জার্মানী ও বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড সার্জি গ্যানাব্রির। তারকা এই ফরোয়ার্ড নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার বায়ার্ন নিশ্চিত করেছিল ইনজুরির কারনে দীর্ঘ সময়ের জন্য গ্যানাব্রি মাঠ থেকে ছিটকে গেছেন। তবে জার্মান গণমাধ্যমের ধারণা ছিল ২০২৬ বিশ্বকাপে আর খেলা হচ্ছেনা গ্যানাব্রির।
৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন এ মৌসুমে তার আর মাঠে নামা হচ্ছেনা। একইসাথে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন।
এ সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্যানাব্রি লিখেছেন, ‘গত কয়েক দিন বেশ কঠিন সময় পার করেছি। সপ্তাহের শেষে আরও একটি বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত হবার পরও বায়ার্নের হয়ে মৌসুমে কয়েকটি ম্যাচ খেলা বাকি ছিল। কিন্তু এখন আর তা সম্ভব হচ্ছেনা। একইসাথে জার্মানীর হয়ে বিশ্বকাপের স্বপ্নও ভেঙ্গে গেছে। দেশের বাকি অংশের মতই আমি ঘরের থেকে পুরো দলকে সমর্থণ করবো। এখন সুস্থতার প্রতি মনোযোগী হতে হবে এবং প্রাক-মৌসুমে ফিরে আসতে হবে।’
কোচ জুলিয়ান নাগলেসম্যানের অধীনে আর্সেনালের সাবেক এই খেলোয়াড় জার্মান জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন। দেশের হয়ে এ পর্যন্ত ৫৯ ম্যাচে করেছেন ২৬ গোল।