বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ২০:০৯

চট্টগ্রামে দেড়শ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৬ (বাসস) : আগামী ২৭ ও ২৯ এপ্রিল বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের ঐ দুই ম্যাচের টিকিটের মূল্য আজ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিসিবির জানিয়েছে, টিকিটের সর্বনিম্ন মূল্য দেড়শ টাকা এবং সর্বোচ্চ ১৫০০ টাকা নির্ধারন করা হয়েছে।

বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের টিকিট অনলাইনে পাওয়া যাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট (www.gobcbticket.com.bd) থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ক্রিকেটপ্রেমিরা।

পূর্ব গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন দেড়শ টাকা। পশ্চিম গ্যালারির টিকিট ২৫০ টাকা এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও শহীদ শ্রাবণ স্ট্যান্ডের টিকিট ৫শ টাকা করে নির্ধারন করা হয়েছে।

গ্র্যান্ড স্ট্যান্ডের পূর্ব ও পশ্চিম অংশের টিকিটের দাম ধরা হয়েছে ১৫০০ টাকা করে। স্টেডিয়ামের ছাদে অবস্থিত পূর্ব ও পশ্চিম প্যাভিলিয়ন এন্ডের টিকিটের দামও ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই চার জায়গার টিকিটের দামই সবচেয়ে বেশি নির্ধারন করা হয়েছে।

২ মে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।