বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৯:৩৪
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১৯:৩৫

১৯১২ সালের পর সবচেয়ে খারাপ পারফরমেন্সে রোজেনিয়রকে বরখাস্ত করেছে চেলসি

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৬ (বাসস) : প্রিমিয়ার লিগে টানা পাঁচটি ম্যাচে হারের পর মাত্র চার মাসেরও কম সময় দায়িত্বে থাকার পর ম্যানেজার লিয়াম রোজেনিয়রকে বরখাস্ত করেছে চেলসি।

সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ আট ম্যাচের মধ্যে সাতটিতে হেরেছে চেলসি। এমনকি টানা পাঁচটি লিগ ম্যাচে গোল করতেও ব্যর্থ হয়েছে, যা ১৯১২ সালের পর প্রথমবার ঘটল।

৪১ বছর বয়সী রোজেনিয়রকে জানুয়ারিতে ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গ থেকে আনা হয়েছিল। ইতালিয়ান কোচ এনজো মারেস্কার বিদায়ের পর তাকে নিয়োগ দেওয়া হয়।

কিন্তু মঙ্গলবার ব্রাইটনের কাছে ৩-০ ব্যবধানে পরাজয়ে শেষ পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। এই পরাজয়কে রোজেনিয়র নিজেই “অগ্রহণযোগ্য” বলেছেন। 

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়, “চেলসি ফুটবল ক্লাব আজ হেড কোচ লিয়াম রোজেনিয়রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।”

বিবৃতিতে আরও বলা হয়, “এই সিদ্ধান্ত নেয়া সহজ ছিলনা। তবে সাম্প্রতিক ফলাফল ও পারফরমেন্স প্রত্যাশিত মানের নিচে নেমে গেছে, অথচ এই মৌসুমে এখনও অনেক কিছু বাকি রয়েছে।”

রোজেনিয়রের সহকারী কোচদের একজন ক্যালাম ম্যাকফারলেন বাকি মৌসুমের জন্য অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন। তার প্রথম ম্যাচ হবে রোববার লিডস ইউনাইটেডের বিপক্ষে এফএ কাপের সেমিফাইনাল।

প্রিমিয়ার লিগে চেলসি বর্তমানে সপ্তম স্থানে রয়েছে। মৌসুমে বাকি রয়েছে চারটি ম্যাচ।