বাসস
  ২৩ এপ্রিল ২০২৬, ১৬:০১

শান্তর সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ২৬৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ঢাকা, ২৩ এপ্রিল ২০২৬ (বাসস) : ব্যাটার নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে জয়ের জন্য নিউজিল্যান্ডকে ২৬৬ রানের লক্ষ্য দিল স্বাগতিক বাংলাদেশ।

চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ৩২ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে টাইগাররা। 

সাইফ হাসান শূন্য, তানজিদ হাসান ১ ও সৌম্য সরকার ১৮ রানে আউট হন। 

চতুর্থ উইকেটে ১৭৮ বলে ১৬০ রানের জুটিতে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান শান্ত ও লিটন দাস। ৩টি চার ও ১টি ছক্কায় ৯১ বলে ৭৬ রানে থামেন লিটন। 

অন্যপ্রান্তে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন শান্ত। সেঞ্চুরির পর ১০৫ রানে আউট হন শান্ত। তার ১১৯ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা ছিল। 

৪৩তম ওভারে দলীয় ২২১ রানে পঞ্চম ব্যাটার হিসেবে শান্ত ফেরার পর তাওহিদ হৃদয়ের ২৯ বলে ৩৩ এবং অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ১৮ বলে ২২ রানের সুবাদে ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। 

নিউজিল্যান্ডের উইল ও’রুর্কি ৩টি, বেন লিষ্টার ও জেইডেন লেনক্স ২টি করে উইকেট নেন।