শিরোনাম

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : আজ থেকে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের ১২তম আসরের প্রথম রাউন্ডের প্রথম দিন নর্থ জোনের বিপক্ষে ৩১৪ রানে অলআউট হয়েছে সাউথ জোন। জবাবে দিন শেষে বিনা উইকেটে ১৬ রান করেছে নর্থ জোন। ১০ উইকেট হাতে নিয়ে ২৯৮ রানে পিছিয়ে আছে নর্থ জোন।
সিলেট একাডেমি মাঠে অনুষ্ঠিত চারদিনের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৮ রানের সূচনা করে সাউথ জোন। উদ্বোধনী জুটিতে ৩১ রান করে আউট হন ওপেনার এনামুল হক বিজয়।
দ্বিতীয় উইকেট জুটিতে ফজলে মাহমুদ রাব্বিকে নিয়ে ৫৯ রান যোগ করেন আরেক ওপেনার ইফতেখার হোসেন ইফতি। হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে ৪৯ রানে থামেন ইফতি। রাব্বি করেন ৩৪ রান।
এরপর মিডল অর্ডারে সাউথ জোনের রানের চাকা সচল রাখেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও রিজান হোসেন। পঞ্চম উইকেটে ১০৬ রান যোগ করেন তারা।
মিঠুন হাফ-সেঞ্চুরির স্বাদ পেলেও ৪৭ রানে থামতে হয় রিজানকে। ৭টি চার ও ১টি ছক্কায় ৫৩ রানে ফিরেন মিঠুন।
শেষদিকে সামিউন বশির রাতুলের ২৬ ও মঈন খানের ৩৬ রানে সুবাদে সব উইকেট হারিয়ে ৩১৪ রানের সংগ্রহ পায় সাউথ জোন।
বল হাতে নর্থ জোনের তাইজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন ৩টি করে উইকেট নেন।
জবাবে দিনের শেষভাগে ৪ ওভার ব্যাট করার সুযোগ পায় নর্থ জোন। দুই ওপেনার মামুনের ৬ ও সাব্বির হোসেনের ১০ রানে বিনা উইকেটে ১৬ রান তুলে দিন শেষ করে নর্থ জোন।