শিরোনাম

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : ১২৫ রানে ষষ্ঠ উইকেট পতনের পর উইকেটরক্ষক আশিকুর রহমান শিবলি ও আবু হায়দার রনির ব্যাটিং দৃঢ়তায় আজ থেকে শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগের ১২তম আসরের প্রথম রাউন্ডে ইস্ট জোনের বিপক্ষে ঘুরে দাঁড়িয়েছে সেন্ট্রাল জোন। প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৭২ রান করেছে সেন্ট্রাল জোন। শিবলি ৭৫ ও রনি ৯০ রানে অপরাজিত আছেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত চারদিনের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে সেন্ট্রাল জোন। ইস্ট জোনের পেসার এবাদত হোসেনের বোলিং তোপে ১৮ রানে ২ উইকেট হারায় সেন্ট্রাল জোন। ওপেনার মাহফিজুল ইসলাম রবিন ১ ও নাইম শেখ ৪ রানে আউট হন।
তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটিতে শুরুর চাপ সামাল দেন আরেক ওপেনার সাদমান ইসলাম ও জিশান আলম। ৮০ বলে ১৪ রান করা জিশানকে শিকার করে জুটি ভাঙ্গেন পেসার তোফায়েল আহমেদ। এরপর সেন্ট্রাল জোনের অধিনায়ক মার্শাল আইয়ুবকে ৬ রানে থামান তোফায়েল।
এক প্রান্ত আগলে হাফ-সেঞ্চুরি তুলে দলের রান ১শ পার করেন সাদমান। তবে অফ-স্পিনার নাইম হাসানের শিকার হয়ে সাদমান ১০টি চারে ৫৬ রান করে সাজঘরে ফিরেন। সাদমানকে শিকার করে প্রথম শ্রেনির ক্রিকেটের ৩শ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাইম।
সাত নম্বরে নেমে মোসাদ্দেক হোসেন ৯ রানে ফিরলে, ১২৫ রানে ষষ্ঠ উইকেট পতন হয় সেন্ট্রাল জোনের।
এ অবস্থায় দলকে মহাবিপদ থেকে উদ্ধার করেন শিবলি ও রনি। সপ্তম উইকেটে ১৪৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেন তারা। দু’জনই হাফ-সেঞ্চুরির স্বাদ নেন। নব্বইয়ের ঘরে দাঁড়িয়ে প্রথম শ্রেনির ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরির স্বপ্ন দেখছেন রনি।
৮টি চার ও ১টি ছক্কায় ১৫১ বলে ৭৫ রানে অপরাজিত শিবলি। ১১০ বল খেলে অনবদ্য ৯০ রানের ইনিংস সাজাতে ১০টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি মারেন রনি।
এবাদত ও তোফায়েল ২টি করে এবং নাইম হাসান ও হাসান মুরাদ ১টি করে উইকেট নেন।