বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১৯:০৩
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৯:২৩

তৃতীয় ওয়ানডে খেলতে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড

ঢাকা, ২১ এপ্রিল ২০২৬ (বাসস) : তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে আজ চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল।

প্রথম দুই ওয়ানডে শেষে সিরিজে ১-১’এ সমতা বিরাজ করছে। যে কারনে সিরিজের তৃতীয় ওয়ানডে অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। 

আগামী বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে সকাল ১১টায়।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৬ রানে হারায় নিউজিল্যান্ড। 

দ্বিতীয় ম্যাচে পেসার নাহিদ রানার বোলিং তোপে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে ১-১’এ সমতা ফেরায় বাংলাদেশ। নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৯৯ রানের টার্গেট ৮৭ বল বাকী রেখেই স্পর্শ করে টাইগাররা। 

বল হাতে ১০ ওভারে ৩২ রান খরচায় ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরার স্বীকৃতি পান রানা। বাংলাদেশের জয়ে ব্যাট হাতে অবদান রাখেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। তানজিদ ১০টি চার ও ৪টি ছক্কায় ৫৮ বলে ৭৬ রান করেন। ৫ চার ও ২ ছক্কায় ৫০ রানে আহত অবসর নেন শান্ত।   

ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ২৭ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। 

২ মে ঢাকার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।